
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমলেও গ্রাহক পর্যায়ে খুচরা বাজারে দাম না কমানোয় মার্কিন তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘গ্রাহক ঠকানোর’ (প্রাইস গ্যাজিং) অভিযোগ এনে দেশটির বিচার বিভাগকে (ডিওজে) অবিলম্বে এ বিষয়ে তদন্ত শুরু করতে বলেছেন তিনি।
গতকাল বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এই তদন্তের আওতায় যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সন মবিল এবং শেভরনের নাম উল্লেখ করেন।
ভিডিওতে ট্রাম্প বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কমে গেছে, কিন্তু পাম্পগুলোতে (খুচরা পর্যায়ে) তার কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না।’
অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এক্সন মবিল বা শেভরনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেক বেড়ে যায়। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে থাকা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর রিপাবলিকান দলের জন্য এই জ্বালানি তেলের উচ্চমূল্য একটি বড় রাজনৈতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরুর পর এই সপ্তাহে প্রকাশিত তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে টানা ছয় সপ্তাহ ধরে খুচরা বাজারে তেলের দাম কমছে, যা মার্কিন ক্রেতাদের কিছুটা স্বস্তি দিয়েছে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, খুচরা বাজারে দামের এই পতন অপরিশোধিত তেলের দাম কমার তুলনায় একেবারেই যৎসামান্য, এটা মোটেও সংগতিপূর্ণ নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘বড় বড় তেল কোম্পানিগুলো অপরিশোধিত তেলের দাম যেভাবে কমছে, সেই অনুপাতে পাম্পে খুচরা তেলের দাম কমাচ্ছে না। অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমছে! সহজ কথায়, গ্রাহকদের পকেট কাটা হচ্ছে (গ্যাজিং)। আমি বিচার বিভাগকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে খুচরা বাজারে তেলের দাম জানুয়ারি মাসের তুলনায় এখনো অনেক বেশি। গত জানুয়ারিতে প্রতি গ্যালন তেলের দাম ছিল ২ দশমিক ৭৬ ডলার, যার এক মাস পরেই ইরান সংকট শুরু হয়। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ছিল ৩ দশমিক ৯৩ ডলার, যা মে মাসের সর্বোচ্চ দামের চেয়ে প্রায় ১৪ শতাংশ কম।
অন্যদিকে, মে মাসে অপরিশোধিত তেলের দাম যেখানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, সেখান থেকে তা এখন প্রায় ৩৬ শতাংশ কমেছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি সই হওয়া এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খোলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের এই বড় পতন ঘটে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হতো।
তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক সংগঠন আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) অবশ্য ট্রাম্পের এই অভিযোগের ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। সংগঠনটির মুখপাত্র বেথানি উইলিয়ামস বলেন, ‘গ্যাসোলিনের (খুচরা তেল) দাম সব সময় অপরিশোধিত তেলের দামের সঙ্গে হুবহু তাল মিলিয়ে চলে না। বিশেষ করে যখন বিশ্বব্যাপী বড় কোনো অস্থিরতা তৈরি হয়, তখন সরবরাহ চেইন, তেল শোধন (রিফাইনিং) এবং মজুতের ওপর তার দীর্ঘমেয়াদি প্রভাব থেকে যায়।’
তথ্যসূত্র: রয়টার্স

বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
৫ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
৬ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাৎকারের সময় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোজ্যতেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি ছোলা ও খেজুরও কিনবে সংস্থাটি।
১১ ঘণ্টা আগে