Ajker Patrika

এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৭: ২৩
এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
ফাইল ছবি

দাবি পূরণের লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানি আয়োজনের আশ্বাস পেয়ে দুই দিনের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি।

আজ বুধবার বিইআরসির সঙ্গে বৈঠকের পর সংগঠনটির পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

ব্যবসায়ীদের দাবির মধ্যে অন্যতম ছিল—গ্যাসের বিক্রয় মার্জিন বিদ্যমান ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা, প্রশাসনিক হয়রানি বন্ধ করা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ করা।

সমিতির একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী ২৯ অক্টোবর সব পক্ষকে নিয়ে বৈঠক করে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

বিইআরসি সদস্য (গ্যাস) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী ২৯ অক্টোবর এলপিজির ওপর গণশুনানির গ্রহণ করা হবে। সেখানে সকল পক্ষের মতামতের ভিত্তিতে পরবর্তী আদেশ দেওয়া হবে।

অন্যদিকে বুধবার সকালে এলপিজি আমদানিকারকদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘটের বিষয়ে হুঁশিয়ারি দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এই মুহূর্তে কেউ যদি এলপিজি নিয়ে ধর্মঘট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও ধর্মঘটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ব্যবসায় লাভ-লোকসান, কমিশন কিংবা অন্য কোনো সমস্যা থাকতে পারে। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের অভিযোগ শুনতে প্রস্তুত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, তবে ব্যবসায়িক স্বার্থে বাজার পরিস্থিতিকে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। কিন্তু বাজার পরিস্থিতিকে কেউ নিজ স্বার্থের জন্য ব্যবহার করবে, এটি সরকার হতে দেবে না এবং এটি বরদাশত করা হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত