Ajker Patrika

আদালতের স্থগিতাদেশ আনলেই ৬০ হাজার কোটি টাকার প্রণোদনার সুবিধা পাবেন খেলাপিরাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের স্থগিতাদেশ আনলেই ৬০ হাজার কোটি টাকার প্রণোদনার সুবিধা পাবেন খেলাপিরাও

ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হলেও সংশ্লিষ্ট ঋণের ওপর আদালতের স্থগিতাদেশ থাকলে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণসুবিধা পাবেন। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিমের বাস্তবায়ন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ঋণগ্রহীতা খেলাপি হওয়ার পর তাঁর দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে আদালত যদি সংশ্লিষ্ট ঋণের ওপর স্থগিতাদেশ দেন, তবে ওই গ্রাহক বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, কেবল আদালতের স্থগিতাদেশ পাওয়া ঋণখেলাপিদের যোগ্যতার ক্ষেত্রেই এই নতুন নির্দেশনা প্রযোজ্য হবে; প্রণোদনা স্কিমগুলোর অন্যান্য সব শর্ত ও নিয়মাবলি আগের মতোই বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে মোট ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম চালু রয়েছে।

প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত তালিকা অনুযায়ী, এই স্কিমগুলোর আওতায় যেসব প্রধান খাতে অর্থায়নের সুযোগ রয়েছে:

শিল্প, সেবা ও সিএমএসএমই: বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের চলতি মূলধন তহবিল এবং গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতের পুনঃঅর্থায়ন।

কৃষি ও আঞ্চলিক উন্নয়ন: খাদ্যনিরাপত্তা নিশ্চিতে কৃষি ও পল্লি খাতের পুনঃঅর্থায়ন এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে তিন হাজার কোটি টাকার তহবিল।

রপ্তানি ও বিশেষ খাত: রপ্তানি বহুমুখীকরণ, প্রি-শিপমেন্ট ক্রেডিট, চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ এবং রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে প্রাক্-অর্থায়ন সুবিধা।

কর্মসংস্থান ও স্টার্টআপ: কটেজ ও মাইক্রো উদ্যোক্তা তৈরি (পিকেএসএফের মাধ্যমে), বৈদেশিক কর্মসংস্থান (প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে), বেকার যুবকদের কর্মসংস্থান (কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে), গ্রামীণ অর্থনীতিতে গতি আনা (আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে), সৃজনশীল অর্থনীতি এবং স্টার্টআপ খাতে অর্থায়ন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মূলত মাঠপর্যায়ে এই ১৫টি প্রণোদনা কর্মসূচির অর্থ বিতরণ ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতেই নীতিমালায় এই পরিবর্তন আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত