বিজিএমইএর ৭২৬৩ সদস্য কারখানার এখন আছে ২২৫০টি: মাহমুদ হাসান

দেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান উদ্বেগ জানিয়ে বলেন, একসময় সংগঠনটির সদস্য কারখানার সংখ্যা ছিল প্রায় ৭ হাজার ২৬৩। বর্তমানে তা কমে প্রায় ২ হাজার ২৫০টিতে দাঁড়িয়েছে। ব্যবসায়িক সংকটের কারণে অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈঠকে চলতি মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করার দাবি জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন হয়ে গেছে, সেই বোর্ডকে কাজ করতে দিতে হবে। এই মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করতে হবে।
বৈঠকে মজুরি নির্ধারণে দীর্ঘমেয়াদি কাঠামো প্রণয়নের প্রস্তাব দেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, প্রতি তিন বা পাঁচ বছর পরপর মজুরি নিয়ে অস্থিরতা তৈরি হয়। এ পরিস্থিতি এড়াতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে মজুরি বাড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। এতে একবারে বড় অঙ্কের মজুরি বাড়ানোর চাপ কমবে।
সংগঠনটির সভাপতি আরও বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শিল্পের আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের উৎপাদন ব্যয় ও মজুরিকাঠামো বিবেচনা করা জরুরি। একই সঙ্গে অধিকাংশ কারখানার পক্ষে বাস্তবায়ন সম্ভব—এমন মজুরি নির্ধারণ করতে হবে।
গোলটেবিল বৈঠকে শ্রম-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশি-বিদেশি শক্তি আবর্তিত হতে পারে। শ্রমিকশ্রেণি নৈরাজ্য করলে শিল্প থাকবে না। দেশকে বদলাতে হলে সুস্থ ধারার শ্রমিক আন্দোলন করতে হবে এবং এতে শ্রমিকেরাই লাভবান হবেন।









