চলতি মাসেই নতুন মজুরি ঘোষণা করতে হবে: বিজিএমইএ সভাপতি

চলতি মাসের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, ‘পয়লা নভেম্বর মজুরি বোর্ড গঠন হয়ে গেছে, সেই বোর্ডকে কাজ করতে দিতে হবে। এই মাসের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করতে হবে। আমার যদি ক্ষমতা থাকত আমি কালকে ঘোষণা করে দিতাম, কিন্তু আমার তো প্রসেসটা ফলো করতে হবে।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অভিযোগ তুলে বলেন, ‘আমরা যেটা বলার চেষ্টা করছি পয়লা নভেম্বরের আগে এই মজুরি নিয়ে যে আন্দোলন সেটাকে এক ধরনের যৌক্তিকতা দেওয়া গেলেও পয়লা নভেম্বরের পরে আন্দোলনের নামে ভাঙচুর, অরাজকতা সৃষ্টি করা, আমি বলব যে ৯৫ শতাংশ শ্রমিক ভাই-বোন কাজ করতে চায় তাদের যারা জোর করে ফ্যাক্টরি থেকে জোর করে বের করে নিয়ে যাচ্ছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে।’
মজুরি বোর্ডে প্রতিনিধি প্রসঙ্গে মাহমুদ হাসান খান বলেন, আমি একজন প্রতিনিধি দিয়েছি সেটা বিজিএমইএ প্রতিনিধি না। সেটা হলো পোশাক শিল্পের প্রতিনিধি। এখানে বিজিএমইএ আছে, বিকেএমইএ তারা। তো তাঁকে দেওয়া হয়েছে। এখন মজুরি বোর্ডের মিটিং স্থগিত হয়ে যাওয়ার দায় যদি আমাদের ওপর চাপানো হয়, আমরা মনে করি সেটা সঠিক হবে না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এম এম আকাশ। এতে আরও বক্তব্য দেন এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিকনেতা আবুল হোসেন, তৌহিদুর রহমান ও নাজমা আক্তার।
সংগঠনের সভাপতি মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন কাজী রুহুল আমিন।









