সৌদিতে ১৪১ ফ্লাইট প্রভাবিত, ভোগান্তিতে ২১ হাজার ৯৩৩ যাত্রী
• সরাসরি ফ্লাইট ৬৬টি, ট্রানজিট ৭৫টি
• বিধিনিষেধে ব্যাহত যাত্রীদের ভ্রমণসূচি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ১৪১টি ফ্লাইটের কার্যক্রম প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬৬টি ও ট্রানজিট ফ্লাইট ৭৫টি। এসব ফ্লাইটের কারণে এ পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরীর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রভাবিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০, সৌদিয়া এয়ারলাইনসের ১৯ ও রিয়াদ এয়ারের ১০টি রয়েছে।
অন্যদিকে, প্রভাবিত ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪, কাতার এয়ারওয়েজের ৯, ফ্লাইদুবাইয়ের আট, সালামএয়ারের সাত, এয়ার ইন্ডিয়ার সাত ও ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে মূলত পরিচালনাগত বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এতে যাত্রীদের ভ্রমণসূচি পরিবর্তন করতে হচ্ছে এবং তাঁদের ভোগান্তি বাড়ছে। এ পরিস্থিতিতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিশ্চিত হওয়ার পর ভ্রমণের পরামর্শ দেওয়া হচ্ছে।










