
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া চিনিকল, রেশম কারখানা পুনরায় চালুসহ উত্তর জনপদকে একটি আধুনিক শিল্প ও আইটি (তথ্যপ্রযুক্তি) হাবে রূপান্তর করা হবে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমরা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের চিনিকল এবং রেশম কারখানাকে নতুন করে গড়ে তুলতে চাই। এই এলাকার মানুষের বেকারত্ব দূর করে হালাল রুজি ও কর্মসংস্থানের ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।’
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরসহ এই অঞ্চলের কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পান না এবং সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হন। আমরা কৃষকদের উপযোগী করে পর্যাপ্ত হিমাগার তৈরি করব, যাতে তাঁরা অন্যান্য কৃষিজাত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন। এ ছাড়া পঞ্চগড়ের চা শিল্পকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।’
শিক্ষিত যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, ‘এই এলাকায় অনেক মেধাবী তরুণ আইটি খাতে কাজ করছেন। তাঁদের জন্য আমরা এলাকায় আইটি পার্ক বা আইটি হাব গড়ে তুলব, যাতে যুবকদের কাজের সন্ধানে বাইরে যেতে না হয়।’ এ ছাড়া ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার বিষয়েও তিনি প্রতিশ্রুতি দেন।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ‘জনগণের সহযোগিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট ও সমর্থন চাচ্ছি।’
বক্তব্য শেষে তারেক রহমান উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা আমাদের এই উন্নয়ন পরিকল্পনায় সমর্থন দেবেন কি না?’ এ সময় উপস্থিত জনতা হাত তুলে এবং স্লোগানের মাধ্যমে তাঁর প্রতি সমর্থন জানান।

মেহেরপুরের গাংনী উপজেলায় ভোররাতে রাস্তায় বাঁশ ফেলে পথ রোধ করে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মারধর করে দুটি ব্যাটারিচালিত পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ফজরের আজানের পর উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার চারজনের মধ্যে তিনজনের বাড়ি কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া...
৪ মিনিট আগে
পাবনার ফরিদপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন...
১৩ মিনিট আগে
রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে সফটওয়্যার জালিয়াতি এবং বিপুল পরিমাণ পণ্যের চালানে অনিয়ম শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান শেষে কাস্টমস কর্তৃপক্ষ ডিএনসির উপস্থিতিতে ওয়্যারহাউজটি সিলগালা করে....
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্কুল ফিডিং’ কর্মসূচির শিশুদের জন্য বরাদ্দ করা দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা মো. নাদিম মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে....
১ ঘণ্টা আগে