কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর স্ট্যাম্পে স্বাক্ষর ও ব্ল্যাকমেলের অভিযোগে মামলা

ঠাকুরগাঁওয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে এক যুবকসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর দাদি বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।
গতকাল শুক্রবার রাতে করা মামলায় মোহাম্মদ হেলাল (২৮) নামক এক যুবকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অভিযুক্ত যুবক তাঁকে উত্ত্যক্ত করতেন। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রেমের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে অপহরণ করে ধর্ষণ করা হয়।
এজাহারে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশায় বাড়ি ফেরার সময় শহরের হাজিপাড়া এলাকায় কিশোরীকে জোর করে তুলে নেওয়া হয়। পরে স্টেডিয়ামসংলগ্ন একটি বাড়িতে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়।
ঘটনাটি প্রকাশ করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে কিশোরী ও তার ছোট বোনের ক্ষতি করার ভয় দেখানো হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, পরে কিশোরীকে অন্য একটি বাড়িতে নিয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। এরপরও অভিযুক্ত যুবক তাঁকে মোবাইল ফোনে ব্ল্যাকমেল করতেন বলে দাবি বাদীর।
পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানানোর পর কিশোরীর দাদি থানায় মামলা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জাহান আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি, চিকিৎসা ও পরীক্ষার প্রক্রিয়া চলছে।









