ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বেলা ২টা পর্যন্ত ৫১ শতাংশ ভোট পড়েছে

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে বেলা ২টা পর্যন্ত ১৮৫টি কেন্দ্রে মোট ৫১ শতাংশ ভোট পড়েছে (কাস্ট) হয়েছে বলে জানিয়েছেন জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টিসহ মোট ১৮৫টি কেন্দ্রে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে, যা দুপুরের পর ৫১ শতাংশের এই অবস্থানে পৌঁছায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তৎপর রয়েছেন।
এই আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হেভিওয়েট এই প্রার্থীদের মধ্যে মাঠে মূল লড়াইয়ে রয়েছেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা)। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই ভোট গ্রহণ চলবে।









