
টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত শালবনের ১৩ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্ধা এলাকায় এসব জমি উদ্ধার করা হয়। এ সময় জমিগুলোতে প্রায় ১১ হাজার ফলদ, বনজ ও শাল-গজারির সহযোগী গাছের চারা রোপণ করা হয়।
তবে ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের দাবি, বন বিভাগের উদ্ধার করা অধিকাংশ জমি ব্যক্তিমালিকানাধীন। সেখানে কলাবাগান রয়েছে। বন বিভাগ প্রশাসনের লোকজন নিয়ে এসে প্রভাব খাটিয়ে কলাগাছের ফাঁকে ফাঁকে চারা রোপণ করে গেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩১ মে বন বিভাগের লোকজন সানবান্দায় বিল্লাল হোসেনের দুই একর কলাবাগান কেটে সেখানে গাছের চারা রোপণ করেন। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ২ জুন বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে মানববন্ধন হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বক্তব্য দেন।
এবার উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ ওই এলাকার ১৩ একর জমি উদ্ধার করল। ওই জমিতেও কলাগাছ রয়েছে। তবে গাছগুলো না কেটে ফাঁকে ফাঁকে ফলদ, বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী। এ সময় টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু সালেহ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞাসহ বাসাইল সেনাক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা মাহমুদ আলী বলেন, ‘জমিগুলো আমাদের ব্যক্তিমালিকানাধীন। কাগজপত্রও আছে। ২০০৫ সাল পর্যন্ত খাজনা (ভূমি উন্নয়ন কর) দেওয়া হয়েছে। কোনো প্রকার নোটিশ না দিয়ে আজ হঠাৎ প্রশাসনের লোকজন নিয়ে এসে চারা রোপণ করল। কী করব কিছুই বুঝতেছি না।’
জানতে চাইলে বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলী বলেন, ‘ওই জমি সংরক্ষিত বনভূমির আওতাধীন। জমিতে আগে গজারি বন ছিল। স্থানীয়রা ধীরে ধীরে দখলে নিয়ে এতে কলাবাগান করেছে। পরে এ রকম আরও জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, ‘এখানে যাঁরা ভুক্তভোগী রয়েছেন, তাঁদের দাবিগুলো আমরা শুনেছি। তাঁদের কলাবাগানগুলোর ক্ষতি না করেই চারা রোপণ করা হয়েছে। ভবিষ্যতে তাঁদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে