
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সিলেটে চার বছরের শিশু হত্যাকাণ্ডের ২৮ দিন পেরিয়ে গেলেও এখনো বিচারপ্রক্রিয়া শুরু হয়নি এবং মামলার চার্জশিটও দাখিল করা হয়নি। দেশব্যাপী আলোচিত এই মামলার বিচার দীর্ঘসূত্রতায় পড়লে জনগণ বিচার পাওয়ার আশা হারাবে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় সিলেট সদর উপজেলায় ওই শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে পল্লবীতে শিশু হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নের কথা বলেছেন, আমরা সিলেটে হত্যা মামলার ক্ষেত্রেও একই ধরনের ঘোষণা ও তার বাস্তবায়ন চাই। দ্রুততম সময়ের মধ্যে এ মামলার চার্জশিট দাখিলের জন্য পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
জামায়াত আমির বলেন, ‘এ ধরনের ঘটনার বিচার নিশ্চিত করতে আমরা নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পাশে থাকব।’
শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা এই বিপন্ন পরিবারটির পাশে থাকুন। আমি কথা দিচ্ছি, আমার এবং আমাদের সংগঠন নিজেদের অবস্থান থেকে সব সময় তাদের পাশে থাকবে। আমরা লোকদেখানো কিছু করতে চাই না। মানুষের কষ্ট ভাগাভাগি করতে এবং বিপদের সময়ে পাশে দাঁড়াতে চাই।’
শফিকুর রহমান আরও বলেন, ‘যেখানেই মানুষ নির্যাতনের শিকার হবে, সেখানেই আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব। নির্যাতিত ব্যক্তি কোন দল, মত বা ধর্মের, তা বিবেচ্য নয়; আমরা তাকে মানুষ হিসেবেই দেখব।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর একধরনের জুলুম। মূল্যবৃদ্ধি করতেই হলে তা সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ ঘুমিয়ে থাকার সময়ে রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’
শফিকুর রহমান বলেন, ‘সমাজের লম্পটদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তাদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে।
সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই শিশুর হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা আমির নাজির উদ্দিন, নায়েবে আমির আব্দুল লতিফ লালা, সেক্রেটারি আল ইমরানসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, গত ৬ মে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয় চার বছরের শিশুটি। ৮ মে বাড়ির পাশে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির এক চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে একটি ওড়নায় মুড়িয়ে পাশের ডোবায় ফেলে দেন তিনি।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম নামের এক সৌদিপ্রবাসীর বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রফিকুল গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁর ছেলে দিহান ইসলাম (১২) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত থেকে অস্ত্রের একটি চালান যাচ্ছিল কুষ্টিয়ায়। পথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাটে চেকপোস্ট বসিয়ে চালানটি জব্দ করেছে পুলিশ। এ সময় এক তরুণীসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকারও।
২৬ মিনিট আগে
চাঁদপুরে অনুমোদনহীন ক্ষতিকর বিভিন্ন ধরনের শিশু খাদ্য মজুদ ও বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ মিনিট আগে
রাজধানীর উত্তরা–উত্তর ও উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ হকার ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পাশাপাশি ভবিষ্যতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা দোকান না বসানোর জন্য হকারদের সতর্ক করা হয়েছে।
৩৫ মিনিট আগে