Ajker Patrika

জিয়াউর রহমানের নাম ব্যবহার করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯: ২৪
জিয়াউর রহমানের নাম ব্যবহার করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
গতকাল রাতে কানাইঘাট উত্তর বাজারে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বক্তব্য দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি এবং খালেদা জিয়াকেও শ্রদ্ধা করি। কিন্তু জিয়াউর রহমানের ছবি, পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি, পোস্টার টানিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন—এটা আমরা মেনে নেব না। বিগত ১৬ বছর এই দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে, এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা করতে দেব না। খালেদা জিয়ার নামে ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে, জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার—সবকিছু নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে।’

পদযাত্রা অনুষ্ঠানে উপস্থিত জনতার একাংশ। ছবি: আজকের পত্রিকা
পদযাত্রা অনুষ্ঠানে উপস্থিত জনতার একাংশ। ছবি: আজকের পত্রিকা

গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটের কানাইঘাট উত্তর বাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু, যুগ্ম সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি সমালোচনা করি, তাহলে আমাদের চোখ উপড়ে ফেলা হচ্ছে। আমাদের রাস্তায় ট্রাক ফেলে রাখা হচ্ছে। বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের “আই হ্যাভ আ প্ল্যান”-এর নমুনা। তারা ক্ষমতায় এসে জনগণের ওপর আবার জুলুম শুরু করেছে। এর দ্বারা প্রমাণ হয় বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে নাই, তারা অপেক্ষায় ছিল ক্ষমতায় গিয়ে কীভাবে জনগণের ওপর আবার জুলুম করবে, কীভাবে চাঁদাবাজি করবে, কীভাবে সন্ত্রাস করবে, কীভাবে জমি দখল, ভূমি দখল করবে। কিন্তু আমাদের ওয়াদা বিএনপি যদি সেই পথে হাঁটে, স্বৈরাচার এবং সন্ত্রাসের পথে হাঁটে, আমরা লক্ষকোটি জনতা ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা হোসাইনের উত্তরসূরিরা, ওসমানের উত্তরসূরিরা ঐক্যবদ্ধ হচ্ছি। নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন কোনো প্রকার স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দিব না, দিব না, দিব না।’

নাহিদ ইসলাম বলেন, ‘প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজপড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের জি কে গউছের অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে একজনের, একজন জুলাই যোদ্ধার। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে। আমরাও ছাড়ব না।’

কানাইঘাটবাসীর উদ্দেশ্য নাহিদ ইসলাম বলেন, ‘আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কী হতে যাচ্ছে। এই সকল লাঠিয়াল বাহিনী, সন্ত্রাসীদেরকে দিয়ে আবারও ভোট রিগিং করা হবে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে। আপনাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে—তা আমরা ঠেকাতে পারি নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের লাঠিয়াল বাহিনী, কোনো ধরনের সন্ত্রাসীকে আমরা জায়গা করতে দিব না। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ভোট দিবেন জনগণের পক্ষে, জনপ্রতিনিধির পক্ষে কথা বলবেন, শাপলা কলি এবং এনসিপির পক্ষে দাঁড়াবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত