সরকারের বরাদ্দ করা হারভেস্টর মেশিন নিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়ার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে।
আজ রোববার সকালে শহরের স্থানীয় এক দৈনিকের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কৃষক বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের রফিক মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষক রফিক মিয়ার ভাতিজা শরিফ আহমদ বলেন, আমাদের পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় ২০২১-২২ অর্থবছরে ‘সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষিযান্ত্রিকীকরণ প্রকল্পের’ আওতায় ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কার্যালয়ে একটি কম্বাইন্ড হারভেস্টর মেশিনের জন্য আবেদন করি। ২০২১-২২ অর্থবছরে কৃষি যন্ত্রপাতি বিতরণে রফিক মিয়ার নামে একটি হারভেস্টর মেশিন অনুমোদন হয়, এরই প্রেক্ষিতে কৃষি অফিস থেকে প্রত্যয়নপত্র প্রদান করা হলেও পরবর্তীতে জানতে পারি বরাদ্দ করা হারভেস্টর মেশিনটি বাতিল করা হয়েছে।
পরবর্তীতে এ বিষয় নিয়ে আমি বা আমার পরিবার কোনো কথা না বললেও গেল বছরের ২৬ ও ২৮ নভেম্বর রফিক ব্যবহৃত মোবাইল ফোনের নম্বর থেকে একটি কল আসে। যেটি রিসিভ করেন রফিক মিয়ার স্ত্রী, এ সময় কলের ওপাশে থাকা ব্যক্তি আমাদের জন্য বরাদ্দ কম্বাইন্ড হারভেস্টর মেশিনটি বর্তমানে কি অবস্থায় আছে এবং কোথায় আছে সেটি জানতে চান।
তিনি আরও বলেন, রফিক মিয়ার স্ত্রী ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিকে আমাদের নামে কোনো হারভেস্টর মেশিন পায়নি জানালে; তিনি আমাদের জানান ২০২১-২২ অর্থ বছরে আমার নামে কৃষিযান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে একটি কম্বাইন্ড হারভেস্টর মেশিন দেওয়া হয়েছে। এমনি এটি আমরা নিয়েছি। এ খবর শোনার পর বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার কাছে গেলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
এদিকে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান কৃষি কার্যালয় থেকেই আমার নামে একটি মেশিন বিক্রি দেখানো হয়েছে। পরে বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আমরা অভিযোগ করি এবং ইউএনও এটি তদন্তের জন্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পাঠায়। এতে কি তদন্ত হয় আমরা জানতে পারেনি।
এদিকে ইউএনওর কাছে দেওয়া অভিযোগটি প্রত্যাহারের জন্য লোভ দেখান কৃষি কর্মকর্তা নয়ন মিয়া। এতে সফল না হয়ে তিনি প্রতারণার মাধ্যমে একটি লেখাযুক্ত কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন এবং কৃষক রফিক মিয়াকে প্রাণ নাশেরও হুমকি দেন। তা ছাড়া রফিক মিয়ার শ্যালক শফিউল আলম আমার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তদবির করলে তাঁকেও বিভিন্ন ধরনের হয়রানি করে যাচ্ছেন কৃষি কর্মকর্তা নয়ন মিয়া ও প্রভাবশালী একটি মহল। গত ১৪ ফেব্রুয়ারি উপজেলা কৃষি অফিসে নিয়ে গিয়ে আমাদের একটি পুরোনো হারভেস্টর মেশিন দেখিয়ে বলেন এটি নাকি আমাদের কিন্তু ওই ভাঙা পুরোনো মেশিনটি আমরা নিইনি।
রফিক মিয়ার শ্যালক শফিউল আলম বলেন, ‘আমার দুলাভাইয়ের মেশিনটির বিষয় জানতে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে গেলে তিনি প্রথমে জানান এটি বাতিল হয়ে গেছে। পরে জানতে পারি এটি নাকি আমার দুলাভাইয়ের নামেই এসেছিল তবে কৃষি কর্মকর্তা এটি আমাদের হস্তান্তর করেননি। বিষয়টি নিয়ে কথা বলায় আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তিনি।’
অভিযোগের বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, ‘আমার ওপর আনা অভিযোগগুলো মিথ্যা। রফিক মিয়ার নামে বরাদ্দ করা হারভেস্টর মেশিনটি উপজেলায় অফিসেই আছে তারা এটি নিচ্ছেন না। এর বেশি কিছু আমি আপনাদের বলতে পারব না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘আমি ছুটিতে আছি, ছুটি থেকে এসে সবকিছুর সমাধান করে দেব।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে