
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির নির্বাচন ঘিরে এক প্রার্থীসহ দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আহত দুজনের মধ্যে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের মো. আবদুর রহমান রাঈদ ও সাফকাত তাহসিন। অভিযুক্তদের মধ্যে রাজেশ বাছাড় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য এবং সাহসসহ অন্যরা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছয়টি অনুষদের পৃথক ছাত্র সমিতির নির্বাচন আয়োজন করা হয়েছে। এসব নির্বাচনে ছাত্রদলের নেতা-কর্মীদের পাশাপাশি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন—এমন শিক্ষার্থীরাও প্রার্থী হয়েছেন। গত সোমবার বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির ভিপি ও জিএস পদ ছাড়া অন্য পদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভিপি ও জিএস পদে চারজন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে দুজন নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, প্রার্থী হওয়া নিয়ে বৃহস্পতিবার দুপুরে টিএসসি এলাকায় ভিপি প্রার্থী আবদুর রহমান রাঈদ ও সাফকাত তাহসিনের সঙ্গে রাজেশ বাছাড়, সাহসসহ কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাফকাতকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে রাজেশ ও সাহসসহ কয়েকজন তাঁদের দুজনকে মারধর করেন।
পরে আহত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবদুর রহমান রাঈদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সাফকাত তাহসিন বলেন, ‘ছাত্র সমিতির নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে আজকে তারা আমাদের ওপর হামলা করে। এর আগেও তারা বলেছে, শুধু ছাত্রদলের হয়ে কাজ করতে হবে। আমরা সম্মতি না জানানোয় তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে যায়। আজ আমরা অফিসে গেলে তারা আমাদের পথরোধ করে কথা-কাটাকাটি করে। পরে আমাদের ওপর হামলা করে। বারবার বললেও তারা না শুনে আমার কলার ধরে আক্রমণ করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
সাফকাত আরও অভিযোগ করেন, ‘দিনদুপুরে সবার সামনে ঘটনা ঘটলেও প্রশাসন বলছে, এ ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। তখন নাকি বিদ্যুৎ ছিল না। এটা নিয়ে এখন টালবাহানা শুরু হয়েছে।’
অভিযুক্ত রাজেশ বাছাড়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সানাউল হোসেন বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় মন্ত্রণালয়ে আছি। এখানে একই বিভাগের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়েছে। একপক্ষ ছাত্রদলের নেতা-কর্মী, আর অপরপক্ষ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও গুপ্ত সংগঠন। দুই পক্ষই মারামারি করেছে, এতে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমাদের পক্ষ ক্ষতিগ্রস্ত হলে তখন বলা হতো দুই পক্ষের সংঘর্ষ। মূলত এটি বিভাগের মধ্যে হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ টি এম মাহবুব-ই-ইলাহী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে ডিনের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ছাত্র পরামর্শক, প্রক্টর ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য, আইন উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
তিনি বলেন, কমিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে সুপারিশ দেবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব থাকবে না এবং কে অপরাধী, কে নয়—তা নিরপেক্ষভাবে শনাক্ত করা হবে।

রাশেদ খান বলেন, ‘বিএনপি গণঅভ্যুত্থানের অন্যতম স্টেকহোল্ডার এবং যারা বিরোধী দলে আছে তারাও গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডার। আমি এর আগেই আমাদের বিরোধী দলের প্রতি আহ্বান রেখেছি রাষ্ট্র পুনর্গঠনে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনারা যদি সহযোগিতা না করে লং মার্চের নামে...
৬ মিনিট আগে
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে বৃক্ষরোপণ অভিযান ও পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে। এ ছাড়া ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে...
২৪ মিনিট আগে
রাজশাহীতে একটি ফ্ল্যাটের ভেতর অবস্থান করছিলেন একজন পুলিশ কর্মকর্তা ও এক নারী। খবর পেয়ে ওই কর্মকর্তার স্ত্রী পরিচয়ে সাতসকালেই নওগাঁ থেকে ছুটে আসেন আরেক নারী। তারপর দুই ঘণ্টা ধরে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কেউ বের হননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে থানায় নিয়ে যান...
২৮ মিনিট আগে