
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া-সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কচুয়া উপজেলার ফতেহপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোহর আলী (৬০) ও অটোরিকশাচালক কবির মাল। তবে চালক কবির মাল ও আহত দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সামনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা অটোরিকশাটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে। পরে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় অটোরিকশার চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যার চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসা নেন।
দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তিনি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন।
পরে চাঁদপুর সদর মডেল থানাকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে গতকাল সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। আহাজারি করছেন এই চারজনের স্বজনেরা। খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় পাঁচটি সিঁড়ির মধ্যে চারটিতেই ছিল তালা। ফলে একটি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কেউ পদদলনে, কেউ ধাক্কাধাক্কিতে আহত হয়ে মারা গেছেন।
১৫ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ নামের ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইউসুফ আলী খান (৬০) নামে সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক দর্জির বিরুদ্ধে। এ ঘটনায় ইউসুফ পাবনা থানায় সেলিম হোসেন ওরফে দর্জি সেলিমের (৫৫) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে