Ajker Patrika

সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে ২ জনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৬
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে ২ জনের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে উদ্ধার হওয়া খাইরুন্নেছা (৬০) দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডোবা থেকে উদ্ধার হওয়া খাইরুন্নেছা মানসিক ও বাক্‌প্রতিবন্ধী। দিগ্‌ভ্রম হওয়ার পর ডোবায় পড়ে হয়তো মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। এ ছাড়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের হাওরে অপরজনের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায়। তবে তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি কেউ।

সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের দফাদার রফিকুল ইসলাম বলেন, ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের পার্শ্ববর্তী ডোবা থেকে খাইরুন্নেছার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। মৃত খাইরুন্নেছার ছেলে ঘটনাস্থলে এসে জানিয়েছেন, তাঁর মা বাক্‌প্রতিবন্ধী ও মাথায় সমস্যা ছিল।

শিমুলবাঁক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লাল মিয়া বলেন, কুতুবপুর গ্রামের পার্শ্ববর্তী নলুয়ারদাইড় হাওর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ বলেন, দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, মৃত খাইরুন্নেছা মানসিক ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। পরে আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত