
সাতক্ষীরায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে সম্মাননা ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের মঞ্চে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা সভাস্থল ত্যাগ করেছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে। সভাস্থল ত্যাগকারীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব এবং জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ চারটি পরিবারের সদস্যদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকার প্রাইজ বন্ড এবং আহত ৯৭ জনকে জনপ্রতি ৫০০ টাকার প্রাইজ বন্ড প্রদান করা হয়। মোট ১০১ জনের মধ্যে এ সম্মাননা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের মধ্যে সম্মাননা বিতরণের জন্য জেলা প্রশাসক কাউসার আজিজ বক্তব্য শেষ করে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে মঞ্চে আহ্বান জানান। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। তবে অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের কাউকেই মঞ্চে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকেও মঞ্চে ডাকা হয়নি।
এ ঘটনায় উপস্থিত বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপি ও জামায়াতের নেতারা তাঁদের দলীয় নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দকে মঞ্চে ডাকা হয়নি। তাই বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।’
জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেন, ‘এ ঘটনার পর জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে আমরা সবাই অনুষ্ঠান থেকে বের হয়ে আসি।’
এদিকে, উপস্থিত রাজনৈতিক নেতাদের অভিযোগ, জেলা প্রশাসক কাউসার আজিজ রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের যথাযথ সম্মান প্রদর্শন করেন না এবং প্রায়ই তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ‘অনুষ্ঠানে শহীদ চারটি পরিবারের সদস্যদের হাতে আমি এবং পুলিশ সুপার উপহারসামগ্রী তুলে দিয়েছি। আহতদের মধ্যে জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা সম্মাননা প্রদান করেছেন। এ নিয়ে হয়তো কিছু ভুল-বোঝাবুঝি হয়েছে। তবে রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান ত্যাগ করেছেন—এ বিষয়টি আমার জানা নেই।’
এদিকে, জাতীয় গুরুত্বসম্পন্ন এ অনুষ্ঠানে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী রাজনৈতিক নেতাদের যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই দ্বিতীয় দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
২২ মিনিট আগে
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ...
২৫ মিনিট আগে
রাড্ডা এমসিএইচ-এফপির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার আজকের পত্রিকাকে বলেন, সকালে এসে প্রথমে গেট খুলে দেওয়া হয়। এরপর ভাঙা ভবনগুলো পরিষ্কার করা হয়েছে। বর্তমানে টিকাদান কার্যক্রমসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
৩২ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ এলাকায় ফ্রেশ ফুডসের পেছনের একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩৯ মিনিট আগে