
দুপুর ১২টা। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি ও প্যাথলজি বিভাগের সামনে রোগীর জটলা। ওষুধ না পেয়ে এবং প্রয়োজনীয় পরীক্ষা করাতে না পেরে বিরক্ত হয়ে অনেকেই ফেরত যাচ্ছেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভিড়ে টিকতে না পেরে শিশুসন্তানকে কোলে নিয়ে বেরিয়ে পড়েন আলমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের নুর জাহান বেগম। তিনি সকাল ৯টায় চিকিৎসক দেখাতে হাসপাতালে আসেন। চিকিৎসক দেখাতে পারলেও ওষুধের জন্য দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেছেন তিনি।
হতাশার সুরে নুর জাহান বেগম বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করিও ওষুধ পাওছি না। ছোট বাচ্চাটাক নিয়ে ভোগান্তিতে পড়ছি। শুনোছি ফার্মেসি বন্ধ থুইয়া আন্দোলন করোছে। আমরা গরিব মানুষ ওই জন্য তো সরকারি হাসপাতালে আসি। কিন্তু এটে সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে। তাহলে গরিব মানুষ কোনঠে যাইবে।’
নুর জাহানের সঙ্গে সুর মিলিয়ে ইকরচালী গ্রামের গৃহবধূ মৌসুমী আক্তার বলেন, ‘সারা দেশোত আন্দোলন চলছে। সগ আন্দোলন চাকরিজীবীর ঘরে। ওরা চাকরি করে, বেতন পায়, ফির আন্দোলন করে আর হামরা সেই আন্দোলনের পাঁঠার বলি হই।’
ফার্মেসির পাঁচ হাত দূরেই ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করছেন ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তাঁদের তিন দিন ধরে চলমান কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীরা।
সেখানে জানতে চাইলে কর্মবিরতিতে থাকা ফার্মাসিস্ট লুৎফর রহমান বলেন, ‘দশম গ্রেড বাস্তবায়ন আমাদের সার্ভিস স্ট্রাকচারের ন্যায্য অংশ। বারবার দাবি জানানো সত্ত্বেও বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতি চলছে। আমরা চাই দ্রুত সমাধান হোক, যাতে রোগীরা ভোগান্তিতে না পড়েন।’

হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, প্রয়োজনীয় পরীক্ষা করাতে না পেরে অনেক রোগী ফিরে যাচ্ছেন। দৌলতপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ডাক্তার রক্ত পরীক্ষা করতে বলছে, কিন্তু ল্যাবে কেউ নেই। পরীক্ষা না করেই ফিরে যেতে হচ্ছে। সবাই আন্দোলন করে, কিন্তু আমরা যে কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাই না, কই আমরা তো আন্দোলন করি না।’
প্যাথলজি ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট রিনা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা গ্রেড উন্নয়নসহ কয়েকটি ন্যায্য দাবি জানিয়ে আসছি। দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়েই কর্মবিরতিতে যেতে হয়েছে।’
এক্স-রে রুমের সামনেও ছিল একই চিত্র। প্রয়োজনীয় সেবা না পেয়ে রোগীরা ফিরে যাচ্ছিলেন। রেডিওলজি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট কামরুজ্জামান সনেট বলেন, ‘এক্স-রে বিভাগেও কাজ বন্ধ রয়েছে। আমরা কোনোভাবেই রোগীদের কষ্ট দিতে চাই না, কিন্তু দীর্ঘদিনের বৈষম্যের সমাধান না হলে কর্মবিরতি ছাড়া বিকল্প থাকছে না।’
এদিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় মাঠপর্যায়ে কর্মরত ব্যক্তিরা নানা বৈষম্যের মুখে পড়ছেন। দ্রুত নিয়োগবিধি প্রকাশ ও কার্যকর না হলে কর্মীদের ক্ষোভ আরও বাড়বে বলে তাঁরা সতর্ক করেন।

স্বাধীনতার পর দীর্ঘদিন পটুয়াখালীর চার আসনের মধ্যে তিনটিতে একক আধিপত্য ছিল আওয়ামী লীগের। তবে এবার সে চিত্র পুরোপুরি বদলে গেছে। তৈরি হয়েছে নতুন সমীকরণ। পটুয়াখালী-১ আসনে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। বাকি তিনটিতে জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের অবস্থান অপেক্ষাকৃত...
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। এখন ভোটের অপেক্ষা। নরসিংদীতে দীর্ঘদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব ছিল। তবে দলটি এবারের ভোটে নেই। বিএনপির ভোটও কম নয় এখানে। ফলে এই জেলার পাঁচটি আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের
৩ ঘণ্টা আগে
নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে এবার সংসদ সদস্য প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণের অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছে ‘অঞ্চলপ্রীতি’। আসনটিতে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর তিনজনই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আর ধানের শীষের প্রার্থীর বাড়ি নকলায়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোটের প্রার্থী রশীদ আহমাদ। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব। তবে বিএনপি মনোনীত প্রার্থী রশীদ আহমাদকে হারাতে এককাট্টা হয়েছেন যশোর জেলা ও মনিরামপুর উপজেলা বিএনপির নেতারা।
৪ ঘণ্টা আগে