
বাজারে হাঁড়িভাঙা আমের সরবরাহ বাড়লেও গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোক্তারা। স্বাদ ও দৃঢ়তার ঘাটতির কারণে আশানুরূপ বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ী ও চাষিরা—এতে লোকসানের আশঙ্কাও করছেন তাঁরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার মিঠাপুকুর উপজেলার ১ হাজার ৩০০ হেক্টর জমির আমবাগানে ২৬ থেকে ৩০ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গরমের তীব্রতায় নির্ধারিত সময়ের আগেই ৭ জুন থেকে বাজারে ওঠে ‘হাঁড়িভাঙা’ আম। তখন কেজিপ্রতি দাম ছিল ৭০ থেকে ৯০ টাকা। কিন্তু সময়ের আগেই পাকানোর জন্য অনেক ব্যবসায়ী ক্যালসিয়াম কার্বাইড বিভিন্ন রাসায়নিকের ব্যবহার করায় আম দ্রুত নরম হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
হাঁড়িভাঙা আম পরিষদের আহ্বায়ক আব্দুস সালাম সরকার বলেন, ‘চাষিরা সাধারণত রাসায়নিক ব্যবহার করেন না। তবে বাগান কিনে নেওয়া কিছু ব্যবসায়ী অপরিপক্ব আম দ্রুত পাকাতে রাসায়নিক প্রয়োগ করছেন, এতে আমের স্বাদ ও গুণাগুণ নষ্ট হচ্ছে।’
অবশ্য আনুষ্ঠানিকভাবে হাঁড়িভাঙা আম বাজারজাতকরণ শুরু হয় ১৭ জুন। ওই দিন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল পদাগঞ্জ হাটে আম বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও।
তবে বাজারে আমের সরবরাহ বাড়লেও চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মিঠাপুকুর উপজেলা সদরের আম ব্যবসায়ী বাবলু মিয়া বলেন, ‘গত বছর এ সময় প্রতি কেজি হাঁড়িভাঙা আম ৬০-৮০ টাকায় বিক্রি হলেও এ বছর তা ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে লোকসানের মুখে পড়ছি।’
রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, ‘চরম গরমে আম দ্রুত পেকে যাচ্ছে। ফলে সংরক্ষণ কঠিন, তাই দামও কম।’
আরেক ব্যবসায়ী লিটন জানান, পাকা আমের চেয়ে এখন কাঁচা আমের দাম বেশি।
ভোক্তা প্রসেনজিৎ কুমার বলেন, ‘আম দেখতে তাজা হলেও ভেতরে নরম। খেতে ভালো লাগে না।’
চাষি আব্দুস সালাম সরকার বলেন, ‘এই বছর আমি আমার ২৮ বিঘা জমির বাগান আট লাখ টাকায় বিক্রি করেছি। অথচ গত বছর এই একই বাগান ১২ লাখ টাকায় বিক্রি হয়েছিল। গত বছর হাঁড়িভাঙা আম জিআই স্বীকৃতি পেয়েছে, তাই এর গুণগত মান ধরে রাখা জরুরি। গবেষণার অভাবে গুণাগুণ দিনদিন কমে যাচ্ছে।’
জেলা বিএনপির সদস্য ও সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা বলেন, ‘রংপুর ব্র্যান্ড হিসেবে হাঁড়িভাঙা আমের সুনাম রক্ষায় ব্যবসায়ী ও চাষিদের সচেতন হওয়া প্রয়োজন।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল আবেদীন বলেন, ‘রংপুর জেলার মোট আম উৎপাদনের ৮০ ভাগই আসে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ও ময়েনপুর ইউনিয়ন থেকে। আম দ্রুত নরম হয়ে যাওয়ার পেছনে প্রাকৃতিক কারণও রয়েছে। তবে হাঁড়িভাঙা আম রপ্তানিযোগ্য করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গবেষণাকেন্দ্র ইতিমধ্যে আলোচনা শুরু করেছে।’

রাজশাহীর গোদাগাড়ীতে মারধরের শিকার এক যুবকের মৃত্যুর পর ময়নাতদন্ত না করেই লাশ দাফনে বাধ্য করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরবর্তীতে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্থানীয় আদালতে একটি হত্যা মামলার আবেদন করেছেন।
৮ মিনিট আগে
এমনিতেই দেশে গ্যাসের ঘাটতি দিনে মোটামুটি এক হাজার মিলিয়ন ঘনফুট। ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে নতুন করে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাসাবাড়িতে রান্নার চুলা যেমন অচল হয়েছে, তেমনি সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও চলছে যানবাহনের দীর্ঘ অপেক্ষা।
৩৬ মিনিট আগে
বরিশালের বানারীপাড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর এবং গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
২ ঘণ্টা আগে