
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে একত্র হয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষার্থীরা ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচনের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবির বলেন, ‘আমাদের উপাচার্য মহোদয় ঘোষণা দিয়েছিলেন যে দেশে বিগত যেগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তারপর এখন যেটি প্রথম হবে সেটি হবে ব্রাকসু। কিন্তু ঘোষণার পরও প্রশাসনের দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীরা গতকাল তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি পালন করেছিল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত আনুমানিক সাড়ে ৯টায় নির্বাচনের তফসিল ঘোষণা করে।’
আলবির আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হয় ১৭ ডিসেম্বর থেকে। এরও আগে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অধিকাংশ শিক্ষার্থী বাড়ির পথে রওনা হয়ে যায়। এই পরিস্থিতিতে ২৯ ডিসেম্বর নির্বাচন আয়োজনের ঘোষণা প্রশাসনের উদ্দেশ্য নিয়ে যৌক্তিক প্রশ্ন উত্থাপন করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানাতে চাই, নির্বাচনের ঘোষিত তফসিল পুনর্বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজন করতে হবে, যাতে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়। অন্যথায় শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা ব্রাকসু নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনো কার্যকলাপ না থাকায় সকাল থেকেই প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে আন্দোলনের মুখে রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ সদস্যের কমিশন ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ হবে জানিয়ে একটি নির্বাচনী তফসিল ঘোষণা করে। তবে শিক্ষার্থীদের দাবি, যেহেতু বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, তাই ছুটির সময়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা শিক্ষার্থীদের সঙ্গে একধরনের হঠকারিতা ও প্রতারণার শামিল।

ফাল্গুন-চৈত্র এলেই যেন আগুনের ঋতু নেমে আসে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে ভাওয়ালের সংরক্ষিত বনাঞ্চলে। বিস্তীর্ণ সবুজে দাউ দাউ করে জ্বলে ওঠে রহস্যময় আগুনে। প্রতিবছর গ্রাস করে শত শত একর বনভূমি। পুড়ে ছাই হয় শুধু গাছপালা নয়, হারিয়ে যায় বন্য প্রাণী...
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলগুলোতে ফিরতে শুরু করেছেন মানুষ। তবে ফেরার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমুখী যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অভিযোগ উঠেছে, গণপরিবহন ও জ্বালানি সংকটকে পুঁজি করে একশ্রেণির পরিবহনশ্রমিক ও সিন্ডিকেট যাত্রীদের...
২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যা, হামলা ও সহিংসতার অভিযোগে আদালতে করা মামলাগুলোতে আসামি করা ব্যক্তিদের বড় অংশই তদন্তে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। এ পর্যন্ত তদন্ত শেষ হওয়া ৮২টি মামলার প্রায় ৬৩ শতাংশ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে
ঈদ মৌসুমে জ্বালানি তেলের চাহিদা বেশি থাকলেও ডিলার ও পাম্প পর্যায়ে ২৫ শতাংশ জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। এ কারণে এবার ঈদের আগে-পরে যানবাহনে জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে দাবি এই খাতসংশ্লিষ্টদের।
২ ঘণ্টা আগে