Ajker Patrika

নতুন বছর বরণে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি 
নতুন বছর বরণে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়
নতুন বছরকে বরণে ব্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

পয়লা বৈশা​খ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখের দিন সকালেই শুরু হবে আনন্দ শোভাযাত্রা। এতে বিভিন্ন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন ও হলসমূহের শিক্ষার্থীরা অংশ নেবেন। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ উপকরণ তুলে ধরা হবে নানা রঙিন সাজে।

পয়লা বৈশাখ উদ্‌যাপন কমিটির সদস্য ও চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক হুমায়ূন কবির জানান, তাঁদের দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন সকালে আনন্দ শোভাযাত্রা হবে। যেসব মোটিফ আছে, সেগুলো নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ হবে। শোভাযাত্রা শেষে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সরেজমিনে দেখা যায়, বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে রং-বেরঙের আলপনা আঁকা, ব্যানার-ফেস্টুন তৈরি এবং বিভিন্ন প্রতীকী উপকরণ তৈরিতে অনুষদের শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীরা কেউ বাঁশ ও কাগজ দিয়ে তৈরি করছেন অতিকায় কাঠামো, কেউ ব্যস্ত ক্যানভাসে রঙের প্রলেপ দিতে। অন্যদিকে একদল শিক্ষার্থী ব্যস্ত সময় কাটাচ্ছেন মুখোশ তৈরিতে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও সমসাময়িক নানা বার্তা ফুটে উঠছে এসব মোটিফে।

চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কল্যাণী বলেন, এবারের বৈশাখে নানা ধরনের মুখোশ, বাংলা নববর্ষের প্রবর্তক মুঘল সম্রাট আকবরের প্রতিকৃতি, বড় একটা ইলিশ মাছ, টমটম গাড়ি ও ঘোড়া থাকবে, যা বাংলার ঐতিহ্যকে বহন করে। তা ছাড়া থাকছে লক্ষ্মী সরা, শখের হাঁড়ি ও বিভিন্ন ধরনের মুখোশ।

নতুন বছরকে বরণে ব্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
নতুন বছরকে বরণে ব্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

চারুকলা অনুষদের অধ্যাপক ড. হুমায়ূন কবির বলেন, ‘আমরা মূলত চাই বাংলাদেশি ও বাঙালি সকলের শান্তি ও মঙ্গলময় দিন অতিবাহিত হোক। অতীতের যত গ্লানি আছে, তা মুছে ফেলে সৃষ্টিকর্তা আমাদের আগামীকে আরও সুন্দর ও আনন্দময় করুক। সেই আকাঙ্ক্ষা নিয়েই আমাদের এই পয়লা বৈশাখ। আর প্রতিবছরের ন্যায় এবারও আমরা পয়লা বৈশাখ উদ্‌যাপন করছি। এবার বৈশাখে আমাদের বাঙালির অতীত ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য গুরুত্বের সহিত স্থান পেয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমাদের রাকসুর উদ্যোগে বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন থাকবে। পাশাপাশি সাংস্কৃতিক বিভাগ থেকে গম্ভীরা ও ভাওয়াইয়া গানের আয়োজন করা হবে।’

পাশাপাশি দিনটিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে থাকছে বৈশাখী আড্ডা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের এবার পয়লা বৈশাখ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থা, মোবাইল কন্ট্রোলিং, প্যাট্রলিং—এগুলা নিয়ে আলোচনা চলছে। আমরা আশা রাখছি, আমাদের সবার যে প্রাণের উৎসব পয়লা বৈশাখ, তা অত্যন্ত সুশৃঙ্খলভাবে উদ্‌যাপিত হবে। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা চাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত