
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের হাতাহাতির মধ্যে পড়ে মো. আলাউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাঁকে নিজেদের কর্মী দাবি করছে জামায়াতে ইসলামী।
এ ঘটনার পর স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা কিছুক্ষণের জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিএনপির এক কর্মীর একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল আউয়াল বলেন, ঈদের নামাজে ইমামতি করবেন কে, তা নিয়ে সন্ধ্যার পর মডেল মসজিদে মুসল্লিদের বৈঠক ছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে বিএনপির কর্মী ওমর ফারুক, মো. রাসেল, আব্দুল করিম, আব্দুল কুদ্দুসসহ কয়েকজনের কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় আলাউদ্দিন সেখানে এসে ছেলেদের নিয়ে যেতে চান। এ সময় ক্ষুব্ধ হয়ে বিএনপির কর্মীরা আলাউদ্দিনকে ফেলে দিয়ে তাঁর বুকের ওপর উঠে বসেন। এতে আলাউদ্দিনের মৃত্যু হয়। এ নিয়ে তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
আব্দুল আউয়ালের দাবি, আলাউদ্দিনের পুরো পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। আলাউদ্দিন নিজেও তাঁদের দলের কর্মী।
তবে পুলিশ বলছে, আলাউদ্দিনের ছেলেরা জামায়াতে ইসলামী করলেও তিনি নিজে বিএনপির সমর্থক ছিলেন।
আর আলাউদ্দিন স্ট্রোকে মারা গেছেন বলেও ধারণা করছে পুলিশ। জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে যেটা তথ্য পাচ্ছি, তা হলো আলাউদ্দিন বিএনপির সমর্থক ছিলেন। তবে তাঁর ছেলেরা জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। দুপক্ষের কথা-কাটাকাটি বন্ধ করতে গিয়ে আলাউদ্দিন স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’
সাবিনা ইয়াসমিন বলেন, ‘ঘটনার পর রাতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আলাউদ্দিনের মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে মরদেহের ময়নাতদন্ত হবে। ঘটনার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন। অভিযোগ থাকলে মরদেহ বাড়ি থেকে পুলিশি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠাবে।’
ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন মোহনপুরের কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো। সেখানে তিনি জামায়াতের কর্মীদের তোপের মুখে পড়েন। বিষয়টি নিয়ে কথা বলতে তাঁর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে দীর্ঘদিন ব্রাজিলের সমর্থক থাকা ইমরান খান নামের এক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দুধ দিয়ে গোসল করে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে। এ উপলক্ষে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকেরা উচ্ছ্বসিত। শনিবার (৬) জুন বিকেলে রাজনগর উপজেলায় ঘটনাটি ঘটে।
২৬ মিনিট আগে
ঢাকার সাভারের আশুলিয়ায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (৬ জুন) এই তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
৩১ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটা নিয়ে তর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরের মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে