রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে সম্প্রতি করোনার নমুনা পরীক্ষার রিঅ্যাজেন্ট নয়ছয়ের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে গঠিত কমিটি কিট গায়েবের অভিযোগ প্রমাণ করতে না পারলেও দুই বৈজ্ঞানিক কর্মকর্তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার সুপারিশ করে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সরানোর আগেই দুই বৈজ্ঞানিক কর্মকর্তা নিজে থেকে সরে গেছেন। ফলে ল্যাবটিতে এখন করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।
এ দুই কর্মকর্তা হলেন- এসএম হাসান এ লতিফ ও হামিদ আহমেদ। তাঁরা মূলত বিভাগীয় ফরেনসিক ডিএনএ ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা। রামেক হাসপাতালের পিসিআর ল্যাব চালু করার জন্য ২০২০ সালের মার্চে তাঁদের ডিএনএ ল্যাব থেকে আনা হয়। গত ২২ মাস তাঁরা কোনো রকম অতিরিক্ত সম্মানী ছাড়াই সপ্তাহের সাত দিনই ল্যাবে কাজ করছিলেন।
অভিযোগ প্রমাণ করতে না পারলেও অন্যত্র সরিয়ে দেওয়ার ক্ষোভ থেকেই তাঁরা অব্যাহতি নিয়েছেন কি-না জানতে চাইলে এসএম হাসান বলেন, ‘আসলে ক্ষোভ টোভ কিছু না। আমাদের ডিএনএ ল্যাবেই এখন কাজের চাপ অনেক বেড়ে গেছে। তাই চলে এসেছি। আমরা এখান থেকেই বেতন পাই, মূল কাজটা তো এখানেই। ক্রান্তিকালে আমরা হাসপাতালে গিয়েছিলাম। কোনো রকম সম্মানী ছাড়াই কাজ করেছি। এ কথা তো কেউ বলে না।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ল্যাবের টেকনোলজিস্টরা সম্প্রতি এই দুই বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অর্ধেক রিঅ্যাজেন্ট ব্যবহার করে করোনা পরীক্ষার পর বাকি অর্ধেক সরিয়ে দেওয়ার অভিযোগ করেন। কিন্তু কাগজপত্রে ৪৯ হাজার ৪০০ কিটের মধ্যে প্রায় সবই ব্যবহার করার প্রমাণ রাখা হয়। অভিযোগকারীদের দাবি, অন্তত ২ হাজার কিট গায়েব করে দেওয়া হয়েছে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয় রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শাহ আলমকে। কমিটি কিট গায়েবের অভিযোগ প্রমাণ করতে পারেনি। তবে শুধু অভিযোগকারীদের সাক্ষ্যের ভিত্তিতে দুই কর্মকর্তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার সুপারিশ করে।
গত ২১ নভেম্বর হাসপাতাল পরিচালকের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। গত ২২ নভেম্বর এ বিষয়ে জানতে চাইলে বৈজ্ঞানিক কর্মকর্তা এসএম হাসান এ লতিফ বলেছিলেন, ভুল বোঝাবুঝির কারণে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। প্রমাণ না হলেও শুধু সাক্ষ্যের ভিত্তিতে তাঁদের অন্যত্র সরিয়ে দেওয়ার সুপারিশের বিষয়টি বেদনার।
তদন্ত কমিটি সুপারিশ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ দুই বৈজ্ঞানিক কর্মকর্তাকে সরিয়ে দেয়নি। তবে গত ১১ নভেম্বর দুই বৈজ্ঞানিক কর্মকর্তা হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে অব্যাহতি চেয়ে চিঠি দেন। এরপর হাসপাতাল পরিচালক অনুরোধ করে গত ১৬ ডিসেম্বর পর্যন্ত তাঁদের ল্যাবে কাজ করান। ১৭ ডিসেম্বর থেকে তাঁরা আর ল্যাবে কাজ করেননি। সেদিনের পর হাসপাতালের ল্যাবে কোনো নমুনাও পরীক্ষা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘ওনাদের নিজেদের ডিএনএ ল্যাবেই নাকি এখন কাজ বেড়ে গেছে। তাই অব্যাহতি নিয়েছেন। তাও আমি অনুরোধ করে কয়েক দিন কাজ করিয়েছি। এখন তাঁরা না থাকার কারণে ল্যাব বন্ধ। ল্যাবটা চালু থাকলে আমরা আমাদের ভর্তি থাকা রোগীদের নমুনা এখানেই পরীক্ষা করাতে পারতাম। এখন নমুনা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে যেতে হচ্ছে।’
পরিচালক বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালককেও লিখেছি। অব্যাহতি নেওয়া দুজনের মতো দক্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা আমাদের দেওয়ার জন্য অনুরোধ করেছি। তাহলে আমরা ল্যাব চালাতে পারব। তা না হলে পারব না। কারণ, আমাদের কোনো জনবল নেই। দেশের কোনো হাসপাতালেই এ ধরনের জনবল নেই। তাই পিসিআর ল্যাবও নেই। শুধু আমাদের এখানেই পিসিআর ল্যাব আছে।’

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টায় আটকে পড়া ১০ জন নারী-পুরুষ ও শিশু ৬০ ঘণ্টার বেশি সময় ধরে জিরো লাইনে অবস্থান করছে। এদিকে রোববার দুপুর ১২টার দিকে আবারও ভারতের অংশের শূন্যরেখা থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে রেলক্রসিং পার হওয়ার সময় বালুবাহী একটি মিনি ট্রাক রেললাইনে আটকে গেলে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকামুখী আপ লাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের ওপর...
৭ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে বিচারক মাসরুর সালেকীন বলেন, ‘একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অধিকার কারও নেই।’
১৬ মিনিট আগে
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে খুলনা বিভাগকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম বিভাগীয় কুমিল্লার দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি ইমাম উদ্দিন (সপ্রাবি) বালিকা দলের খুদে ফুটবলারদের সঙ্গে আনন্দে মেতেছেন হাসনাত আবদুল্লাহ (এমপি)।
১ ঘণ্টা আগে