
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। তিনি বলেন, ফরাসি বিপ্লব যেমন নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, তেমনি জুলাই গণ-অভ্যুত্থানও ছিল গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও বাক্স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার লড়াই।
গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রদল আয়োজিত ‘রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ফরাসি বিপ্লব ছিল সামন্ত শ্রেণির বিরুদ্ধে বুর্জোয়া শ্রেণির অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। প্রতিটি বিপ্লব ও গণ-অভ্যুত্থানেই রক্ত ঝরে। কিন্তু জুলাই বিপ্লবে এক মাসে যত রক্ত ঝরেছে, ফরাসি বিপ্লব কিংবা পৃথিবীর অন্য কোনো বিপ্লবে এক মাসে এত রক্ত ঝরেছিল কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।’
তিনি বলেন, ‘গ্রামের পর গ্রাম, শহরের পর শহর—প্রতিদিন রাজধানী ঢাকাসহ সারা দেশে তরুণদের লাশ পড়েছে। স্কুল, কলেজ এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দমন-পীড়নের শিকার হয়েছেন। কিন্তু সব বাধা অতিক্রম করে তারা গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও বাক্স্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য দেশের শিক্ষার্থীদের হত্যা করতেও দ্বিধা করেননি। তাঁর একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতা টিকিয়ে রাখা।’
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সাহসিকতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘শেখ হাসিনা মনে করেছিলেন গুলি, হত্যা ও দমন-পীড়নের মাধ্যমে তিনি ক্ষমতা ধরে রাখতে পারবেন। কিন্তু তিনি এ দেশের মানুষের সাহস ও প্রতিরোধের শক্তিকে বুঝতে পারেননি। চারদিক থেকে গুলি বর্ষিত হলেও আন্দোলনকারীরা পিছু হটেননি; বরং আরও দৃঢ়ভাবে সামনে এগিয়ে গেছেন।’
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন অনেককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাঁদের গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন বা শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। পরে তাঁরা দায়িত্ব পেয়ে নিজেদের একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান সময়ে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ করে নাছির বলেন, এটিকে দলীয় বিবেচনায় নিয়োগ বলে যাঁরা প্রচার করছেন, তাঁরা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি প্রকাশ্য রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
সভাপতির বক্তব্যে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলন। কিন্তু সেই আন্দোলনে আত্মত্যাগকারী অনেকেই এখনো কর্মসংস্থান থেকে বঞ্চিত।
তিনি বলেন, ‘যাঁরা বুকের রক্ত ঢেলে দিয়েছেন, তাঁদের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই জুলাই-আগস্টের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে।’
বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে অভিযোগ করে রাহী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুলের সঞ্চালনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময় ধরে চলা লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সাত দফা দাবিতে বরগুনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা...
১৩ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশের ঝোপ থেকে হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে...
৩৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভিমরুলের কামড়ে রাফসান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাফসান (৪) ওই গ্রামের আরশের আলীর ছেলে...
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ এনে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। গতকাল রোববার রাতে নেছারাবাদ থানায় মামলাটি করেন ভুক্তভোগী এক নারী।
২ ঘণ্টা আগে