রাজশাহী সদর (রাজশাহী): সাধারণ ক্রেতারা যখন এক মণ আম কেনেন, তখন ৪০ কেজিই পান। কিন্তু চাষিরা যখন আড়তে বিক্রি করেন, তখন দিতে হয় ৪৭ কেজি। রাজশাহীতে এই চর্চা বছরের পর বছর ধরেই চলছে। বাড়তি এই সাত কেজি আম ‘ঢলন’ হিসেবে নেন ব্যবসায়ীরা। তবে এ বছর কথা ছিল ৪০ কেজিতেই মণ হবে। ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে বাড়তি আম নিতে পারবেন না। কিন্তু বাস্তবে সে রকম দেখা যাচ্ছে না। চাষিদের এখনো ঢলন দিতে হচ্ছে। ঢলনের কারণে চাষিরা ঠকছেন। কিন্তু তাঁরা অসহায়। যাঁরা ঢলনসহ আম দিতে রাজি হচ্ছেন না, ব্যবসায়ীরা তাঁদের আম কিনছেন ‘ঠিকা’ হিসেবে। অর্থাৎ ক্যারেটে সাজানো আম কত কেজি হতে পারে, এভাবে চোখের আন্দাজ করে দাম ঠিক করা হচ্ছে। এ ক্ষেত্রে আমের ওজনই করা হচ্ছে না।
রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট পুঠিয়া উপজেলার বানেশ্বরে। আম ছাড়াও এখানে সারা বছর ডাল, পেঁয়াজ, ভুট্টাসহ অন্যান্য কৃষিপণ্যের আড়ত রয়েছে। এসব পণ্যের ক্ষেত্রেও ঢলন প্রথা চলে আসছে। এই ঢলন প্রথা বিলুপ্ত করতে গত বছরের ২৩ অক্টোবর বানেশ্বর বাজার বণিক সমিতির কার্যালয়ে একটি সভা হয়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মুনসুর রহমান। ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ ও উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বণিক সমিতির সহসভাপতি গাজী সুলতান। সভায় স্থানীয় চাষি ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
ওই সভায় চাষিরা বলেন, প্রায় ৩০ বছর ধরে তাঁদের এক মণে অতিরিক্ত কৃষিপণ্য দিতে হয়। দিতে না চাইলে কৃষিপণ্য কেনা হয় না। চাষিরা এই ঢলন প্রথা বাতিলের দাবি জানান। সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে সব পণ্যের এক মণ হবে ৪০ কেজিতে। এর বেশি নেওয়া যাবে না। আমের কারবার শুরু হওয়ার পর গত ২১ মে ইউএনও নূরুল হাই মোহাম্মদ আনাছ ৪০ কেজিতে মণ ধরেই চাষির কাছ থেকে আম কেনার জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা জারি করেন। ওজনের সময় এক মণে ৪০ কেজির বেশি নিলে শাস্তিরও ঘোষণা দেন ইউএনও। ওই দিন বাজারের ব্যবসায়ীদের জন্য ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুসারে বেশ কিছু নির্দেশনাও দিয়েছিলেন।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো লেনদেন বা মালামাল সরবরাহের কাজে মেট্রিক পদ্ধতির অনুসরণ ব্যতীত অন্য কোনো পদ্ধতির ওজন বা পরিমাপ ব্যবহার করা যাবে না। কোনো ব্যক্তি যদি ওজন বা পরিমাপ অথবা সংখ্যা মানের মানদণ্ড ছাড়া অন্য কোনো পদ্ধতি ব্যবহার করলে অনূর্ধ্ব ছয় মাসের কারাদণ্ড অথবা অনূর্ধ্ব ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এতে আরও বলা হয়, আইন অনুযায়ী মেট্রিক পদ্ধতিতে ৪০ কেজিতে এক মণ। মণে কেনাবেচা হলে ৪০ কেজির বেশি দাবি করা আইনের দৃষ্টিতে অপরাধ। যদি মণে ৪০ কেজির বেশি ধরে কেনাবেচা করতে হয়, সে ক্ষেত্রে কেজিতে ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়। কেজিতে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রতি কেজির দাম প্রথমে নির্ধারণ করতে হবে। কিন্তু বাস্তবে এর প্রতিফলন দেখা যাচ্ছে না।
গত রোববার (২৩ মে) বিকেলে বানেশ্বর হাটে গিয়ে দেখা যায়, হাটে আমের কেনাবেচা জমে উঠেছে। আড়তদারেরা এক মণের জন্য নিচ্ছেন ৪৭ কেজি আম। তাঁরা যখন স্থানীয় খুচরা বিক্রেতা কিংবা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীদের কাছে আম বিক্রি করছেন, তখন দেওয়া হচ্ছে ৪৬ কেজি। আর বানেশ্বরেই যখন খুচরা বিক্রেতারা সাধারণ ভোক্তাদের কাছে আম বিক্রি করছেন, তখন এক মণে ৪০ কেজিই দেওয়া হচ্ছে। এভাবে ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। আর চাষিরা ঠকছেন।
বানেশ্বর হাটে পুঠিয়া ছাড়াও আশপাশের উপজেলার চাষিরা আম নিয়ে যান। ওই দিন বিকেলে চারঘাটের শলুয়া গ্রামের চাষি শাহীন আলম জানান, তিনি চার ভ্যান আম নিয়ে যান। এর মধ্যে তিন ভ্যান বিক্রি করেছেন। প্রতি মণে তাঁকে সাত কেজি করে ঢলন দিতে হয়েছে। বিকেল পর্যন্ত তাঁর এক ভ্যান আমও বিক্রি হয়নি। এসব আম ঠিকায় কিনতে চেয়েছেন কয়েকজন আড়তদার। কিন্তু দামে না পোষানোয় তিনি বেচেননি।
বানেশ্বরে খুচরা আম বিক্রি করছিলেন বানেশ্বর কাচারিপাড়া গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলাম। তিনি বলেন, আমরা আড়ত থেকেও আম কিনি, আবার চাষিদের কাছ থেকেও কিনি। আড়তে কিনলে মণে ছয় কেজি করে ঢলন পাই। আর চাষিদের কাছ থেকে কিনলে ওজন করি না। চোখের আন্দাজ করে নিই যে, আমগুলো এত কেজি হতে পারে। সেই হিসাব করে ঠিকায় একটা দাম বলে দিই। চাষির পছন্দ হলে দিয়ে দেন, না হলে অন্যজনকে দেখান। এই হাটে যুগের পর যুগ ধরে এভাবেই আম বেচাকেনা চলছে।
পুঠিয়ার তারাপুর গ্রাম থেকে আম আনেন চাষি আবদুল খালেক। তিনি জানান, এ দিন তিনি গুটি এবং গোপালভোগ জাতের আম এনেছিলেন। আড়তে গুটি আম নেয়নি। সেগুলো ঠিকায় খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেছেন। আর গোপালভোগগুলো বিক্রি করেছেন আড়তে। প্রতি মণ আমে তাঁকে সাত কেজি করে ঢলন দিতে হয়েছে। খালেক বলেন, ‘ঢলন ছাড়া কেউ আম নেবে না। আবার ঠিকায় আম বিক্রি করে লস। এতে সঠিক দাম পাওয়া যায় না। আমরা চাষিরা সবদিকেই ক্ষতির শিকার। আম কেনার সময়ই ব্যবসায়ীরা লাভ করে নিচ্ছে।
প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ঢলন নেওয়ার বিষয়ে জানতে চাইলে বানেশ্বরের আড়তদার ফিরোজ আহমেদ বলেন, আম কাঁচামাল। পচে নষ্ট হয়। তাই আমরা যখন কিনি, তখন ঢলন নিয়ে থাকি সাত কেজি। আবার ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রির সময় আমরাও ছয় কেজি ঢলন দিই। প্রশাসনের নির্দেশনার বিষয়ে জানেন কিনা—এমন প্রশ্নে ফিরোজ বলেন, ‘সেটা তো জানি। কিন্তু প্রশাসন তো ব্যবসা বোঝে না। ঢাকায় যাওয়ার পথে যেসব আম নষ্ট হবে, সেটা কি প্রশাসন দেবে? তখন তো ব্যবসায়ীরাই ক্ষতির শিকার হবে। এই ক্ষতি এড়ানোর জন্যই ঢলন।’
বানেশ্বর বাজার বণিক সমিতির সহসভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী সুলতান বলেন, এক মণে ৪০ কেজির বেশি নেওয়া যাবে না। এটা আড়তদারদের বলা হয়েছে। কেউ যদি বেশি নেয়, সে ক্ষেত্রে চাষিরা ইউএনওকে ফোন করতে পারেন। তিনি এসে মোবাইল কোর্ট বসাবেন।
এ ব্যাপারে পুঠিয়ার ইউএনও নুরুল হাই মোহাম্মদ আনাছ আজকের পত্রিকাকে বলেন, ‘ঢলন না নেওয়া এবং ঠিকায় আম না কেনার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া আছে। এ ব্যাপারে আমরা প্রতিদিনই হাটে নজরদারি করি। প্রশাসনের কর্মকর্তাদের দেখলে আড়তদারেরা ঢলন নেওয়া বন্ধ করে দেন। তাই হাতেনাতে ধরা যায় না। কোনো চাষিও অভিযোগ করেন না। তবে ঢলন নেওয়া কিংবা ঠিকায় আম কেনার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানকালে মাদক সেবনের অপরাধে এমদাদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
৮ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহপাড়ার মণ্ডলবাড়ির বাসিন্দা মো. জাকারিয়া ইসলাম মাহী ও মো. মোয়াজ বিল্লাহ শাহী এবারের এসএসসি পরীক্ষায় এমন সাফল্য অর্জন করেছে। তারা গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাদের বাবা চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
১০ মিনিট আগে
জরুরি বিভাগে ভর্তি এক সংকটাপন্ন রোগী, বাঁচিয়ে রাখার আকুল চেষ্টা চলছে ‘লাইফ সাপোর্ট’ দিয়ে! কোনো লাইফ সেভিং মেডিকেল ইকুইপমেন্ট নয়, রাঙামাটির নানিয়ারচরের নবনির্মিত একটি কালভার্ট টিকে আছে স্থানীয়দের দেওয়া কয়েকটি বাঁশের খুঁটির ওপর ভর করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত এই কালভার্টটি
১৬ মিনিট আগে
ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এতদিন গ্রেপ্তার হননি চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক সার্ভেয়ার মো. নুর চৌধুরী (৫২)। অবশেষে আদালতে আত্মসমর্পণ করলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর
২১ মিনিট আগে