
উত্তরের জেলা নওগাঁয় গত দুই দিনের তুলনায় আজ সোমবার তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শীতল বাতাস তীব্রতা ও ঘন কুয়াশার দাপট কমেনি। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ফলে শীতার্ত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সকালে বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার এ জেলায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি। সেই হিসাবে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৮ ডিগ্রি। তবে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার কারণে তেমন তাপ অনুভূত হচ্ছে না।
সরেজমিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৭টার দিকে ঘন কুয়াশার কারণে ১৫-২০ মিটার দূর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। সড়কে গাড়িগুলো ধীর গতিতে হেডলাইট জ্বালিয়ে চলছে। রাস্তার ধারের চায়ের দোকানে জটলা করে শীত নিবারণের চেষ্টা করছেন শ্রমজীবী মানুষ।
তাজের মোড়ে রিকশাচালক নুরুল হক বলেন, ‘সকালের এই ঠান্ডায় রিকশা চালানো যায় না। হাতে-পায়ে ব্যথা লাগে। আবার কুয়াশার জন্য যাত্রীরাও কম বের হয়েছে।’
জেলা সদরের নিকটস্থ এলাকা ফতেপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশায় মাঠের ফসল আর্দ্রতায় ভিজে রয়েছে। কৃষক শামসুল আলম বলেন, ‘টানা শীত কুয়াশা শুরু হয়েছে। এই কুয়াশায় ফসল ভালো থাকছে না। আবার কাজ করতে গেলে হাত-পা জমে যায়।’
মাস্টার পাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তাপমাত্রা একটু বেড়েছে শুনেছি, কিন্তু আমরা তেমন কোনো পার্থক্য বুঝতে পারছি না। কুয়াশায় চারপাশ ঝাপসা থাকে। কাজে যেতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে।’
মেরিল্যান্ড পাড়ার গৃহিণী তাসলিমা বলেন, ‘আমাদের ছোট ঘরে গরম কাপড় কম। রাতে শিশুদের নিয়ে চিন্তায় থাকি। ঠান্ডাজনিত অসুখ যেন আরও না বাড়ে, সে নিয়ে দুশ্চিন্তায় থাকি।’
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রোববার তাপমাত্রা রেকর্ড ছিল ১০ দশমিক ৬ এবং শনিবার ছিল ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে।’
এ দিকে শীতের এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে নওগাঁর জেলা প্রশাসন মোহাম্মদ আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে শীত ও কুয়াশার প্রকোপ বেড়েছে। আমরা ইতিমধ্যে শীতার্ত মানুষের সাহায্যের উদ্যোগ নিয়েছি। বরাদ্দ পেলেই শীতবস্ত্র বিতরণ শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে