Ajker Patrika

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি অধিকার ও সাংবিধানিক স্বীকৃতির দাবি
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজশাহী ও নওগাঁয় র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী, নওগাঁর বদলগাছী ও নিয়ামতপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শোভাযাত্রা, র‍্যালি, পথসভা ও আলোচনা সভায় আজ রোববার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার, নিরাপত্তা, মাতৃভাষায় শিক্ষা, সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা, জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়।

রাজশাহীতে সকালে নগরের আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকার একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি আয়োজিত ওই সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা, জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক ভূমি কমিশন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি তোলা হয়। সেই সঙ্গে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ ও ভূমি দখল বন্ধ এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়।

আলোচনা সভায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ইশা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড় প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিনে গোদাগাড়ীর কাঁকনহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করে রক্ষাগোলা সমন্বয় কমিটি। সকালে সাংস্কৃতিক শোভাযাত্রা ও পথসভা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা আদিবাসীদের নৃতাত্ত্বিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় আদিবাসী সামাজিক সংগঠন ও ছাত্রদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, ‘দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা সমান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় তাঁদের জন্য আলাদা সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হবে খুব শিগগির।’

তিনি আরও বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নওগাঁর নিয়ামতপুরেও আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় অংশ নেওয়া শ্যামলী কিস্কু বলেন, ‘আমাদের অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব না।’

দিবসটি উপলক্ষে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি নগেন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, সংসদ সদস্যের সহধর্মিণী ফরিদা বেগম, উপজেলা বিএনপির সহসভাপতি সাজ্জাদ আলী টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আদিবাসীদের কৃষ্টি, ইতিহাস ও সংস্কৃতির ওপর নৃত্য পরিবেশন করেন আগত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত