Ajker Patrika

তিন দশকেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল

অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
তিন দশকেও চালু হয়নি
কেন্দ্রীয় বাস টার্মিনাল
রাজবাড়ীর শ্রীপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের মূল ভবন। সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালটি তিন দশকেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল ভবন ও এর আসবাবপত্র অবহেলা-অযত্নে নষ্ট হচ্ছে। জানা গেছে, শহর থেকে দূরে হওয়ায় এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে বাসমালিকেরা শুরু থেকেই টার্মিনালটি ব্যবহার করতে অনাগ্রহী ছিলেন। কয়েক দফা চালুর উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি। বর্তমানে শহরের মুরগির ফার্ম, বড়পুল এবং জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের সামনে মহাসড়ক থেকেই যাত্রী ওঠানামা করছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

জেলা পরিষদ সূত্র জানায়, ১৯৯২-৯৩ অর্থবছরে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় প্রায় ৪ একর ১৪ শতাংশ জমির ওপর ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ করা হয়। ১৯৯৪ সালের ১৯ এপ্রিল তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী জাহানারা বেগম এটির উদ্বোধন করেন। পরে ২০০০ সালে এটি রাজবাড়ী পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে স্বল্প সময়ের জন্য চালু হলেও ২০০৯ সালে আবার বন্ধ হয়ে যায়। এরপর আর কার্যকরভাবে চালু হয়নি।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সূত্রে জানা গেছে, বর্তমানে পৌরসভার বন্দোবস্তে শহরের মুরগির ফার্ম এলাকায় বাস রাখা হয়। প্রতিটি বাস থেকে ৫০ টাকা করে পার্কিং ফি নেওয়া হচ্ছে।

সরেজমিনে কেন্দ্রীয় টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালের মূল ভবন ও আশপাশের এলাকা অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। যাত্রীদের অপেক্ষমাণ কক্ষের অধিকাংশ চেয়ার উধাও। দরজা-জানালা ভাঙা, দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী। ভবনের বিভিন্ন কক্ষে রাখা হয়েছে যানবাহন মেরামতের সরঞ্জাম।

স্থানীয় বাসিন্দা জুয়েল বিশ্বাস বলেন, মহাসড়কের ওপর বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাসচালক কৃষ্ণ হালদার বলেন, টার্মিনাল চালু করতে হলে সব বাসকে বাধ্যতামূলকভাবে সেখানে অবস্থান নিশ্চিত করতে হবে। বর্তমানে রাতে বাস রাখা হলেও সকালে শহরের বিভিন্ন স্থান থেকেই যাত্রী তোলা হয়। পরিবহনশ্রমিক দুলাল বলেন, সন্ধ্যার পর টার্মিনালটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, টার্মিনালের প্রবেশপথ ও অবকাঠামো সংস্কার জরুরি।

রাজবাড়ী পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কল্যাণ চৌধুরী বলেন, ‘টার্মিনাল পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই যৌথ সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, ‘জমিটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে একাংশে বাস টার্মিনাল এবং অন্য অংশে ১ হাজার আসনবিশিষ্ট জেলা পরিষদ অডিটোরিয়াম ও জেলা কালেক্টরেট স্কুল নির্মাণের পরিকল্পনা রয়েছে। অডিটোরিয়াম নির্মাণে ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ ১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত