
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে বন্দরের মাছ বাজারসংলগ্ন রশিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাথমিকভাবে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে অধিকাংশ ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান। এ সময় কয়েকটি দোকান খোলা ছিল। হঠাৎ রশিপট্টি এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা চিৎকার দিয়ে ছুটে আসেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের চোখের সামনেই পুড়ে যায় দোকান ও মালামাল।
খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কীটনাশক ও সার ব্যবসায়ী মো. রিয়াদ কাজী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে ব্যবসা করছি। আগুন লাগার পর কিছুই বের করতে পারিনি। কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা খুবই কঠিন।’
রশি ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত বছরও একই গলিতে ভয়াবহ আগুন লেগেছিল। কিন্তু স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি। বারবার এমন ঘটনায় ব্যবসায়ীরা পথে বসে যাচ্ছে।’
নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম জানান, রশিপট্টিতে লাইলনের রশি থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে ১৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
মিয়ারহাট বাজারের বিটি মালিক মো. মেহজাবিন কিবরিয়া সোয়াইব বলেন, ‘কম করে হলেও প্রতিটি দোকানে ৫০ লাখ টাকার মালামাল ছিল। সব মিলিয়ে প্রায় সাত কোটি টাকার ক্ষতি হয়েছে।’
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মানুষের জানমাল রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব পালন করেছে।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে