Ajker Patrika

সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা বাংলাদেশে হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২১: ৩০
সন্ত্রাসী গোষ্ঠীর জায়গা বাংলাদেশে হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী
নেছারাবাদে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। ছবি: আজকের পত্রিকা

গণতন্ত্রের নামে দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। তিনি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী ও শেখ হাসিনার জায়গা বাংলাদেশে হবে না।

সারা দেশে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আজ মঙ্গলবার বিকেলে নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর কাউকে দেখলে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। তাঁদের বিষয়ে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে এ ধরনের গোষ্ঠীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে দলের কেউ তাঁদের আশ্রয় দিলে তাঁর দলে থাকার সুযোগ থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেন আহম্মেদ সোহেল মনজুর। তিনি বলেন, উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকায় চলমান অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবেই দেশের স্থিতিশীলতা নষ্ট হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং সব বিষয়ে সজাগ রয়েছেন। অশান্ত গোপালগঞ্জ শিগগির শান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বিকেলে প্রতিমন্ত্রীর নেতৃত্বে স্বরূপকাঠি পৌরসভার সড়ক থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত