নানাবাড়ির সামনে খেলতে গিয়ে সড়কে দৌড়, অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

পিরোজপুরের জিয়ানগরে সড়ক পার হতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আবির (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশাটি উল্টে চালক ও দুই শিশুযাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির জিয়ানগর সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের রাজিবের ছেলে। আহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মামুন শেখ (৫৫) এবং দুই শিশু মরিয়ম (৩) ও নহা (১১)। তাঁরা সবাই দক্ষিণ ইন্দুরকানী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানা মোয়াজ্জেম মোল্লার বাড়িতে বেড়াতে আসে আবির। আজ দুপুরে বাড়ির সামনে সমবয়সী দুই শিশুর সঙ্গে খেলছিল সে। একপর্যায়ে দৌড়ে সড়ক পার হতে গেলে বালিপাড়া থেকে জিয়ানগরগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে চালক ও দুই যাত্রী আহত হন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত আবিরকে উদ্ধার করে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলাম জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









