Ajker Patrika

নেছারাবাদে খাল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
নেছারাবাদে খাল দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের
আজ সকালে তেঁতুলতলা থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

নেছারাবাদে সরকারি খাল অবৈধ দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্বরূপকাঠি পৌরসভার উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, পৌরসভার সরকারি খাল দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, তাদের দখল উচ্ছেদ করা হবে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পিরোজপুর জেলায় ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সরকারি খাল দখল করে পানিপ্রবাহে বাধা সৃষ্টি এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এসব স্থানে মশার প্রজননও বাড়ছে।

জেলা প্রশাসক বলেন, একসময় পৌরসভার যেসব খালে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হতো, মানুষ সাঁতার কাটত এবং নৌকা-ট্রলার চলাচল করত, সময়ের ব্যবধানে সেসব খাল দখল ও ময়লা-আবর্জনায় সংকুচিত হয়েছে। ফলে পানিপ্রবাহ বন্ধ হয়ে পরিবেশ দূষণের পাশাপাশি মশার বিস্তারও বাড়ছে।

তিনি বলেন, তেঁতুলতলা খালটিও ধীরে ধীরে দখলের কবলে পড়ছে। তাই ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে স্বরূপকাঠি পৌরসভার উদ্যোগে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। পাশাপাশি পৌরসভার শীতলা খালের পাড় দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলোও দ্রুত উচ্ছেদ করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, পৌর শহরের সরকারি খাল দখল করে যেসব অবৈধ স্থাপনা বা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে খাল উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

নেছারাবাদ উপজেলার দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও স্বরূপকাঠি পৌর প্রশাসক মো. আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক মো. ওহিদুজ্জামান মানিক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আমির আবুল কালাম আজাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত