
বদলির আদেশ পাওয়ার পর ওই দিন রাতেই সরকারি পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তা মো. আল আমিন জলাবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) হিসেবে কর্মরত ছিলেন। গত এক সপ্তাহ আগে তাঁকে একই উপজেলার গুয়াখেরা ইউনিয়নে বদলি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বদলির খবর পাওয়ার পর সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে জলাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন সরকারি পুকুর থেকে স্থানীয় কয়েকজন জেলে ও বাসিন্দাকে দিয়ে মাছ ধরান তহশিলদার আল আমিন। পরে মাছগুলো ভাগ-বাটোয়ারা করে নেন। রাতের আঁধারে সরকারি পুকুরের মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম খান বলেন, সরকারি মালিকানাধীন ওই পুকুরের মাছ ধরার জন্য তহশিলদার আল আমিন জেলেদের সঙ্গে ৫ হাজার টাকায় চুক্তি করেছিলেন। তাঁর অভিযোগ, সরকারি পুকুরের মাছ ধরতে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কিন্তু রাতের আঁধারে মাছ ধরে নেওয়া সেই প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
স্থানীয় ব্যবসায়ী ও জেলে খোকন দাসের দাবি, তহশিলদার আল আমিন স্যার আমাকে বলেছেন, ‘পাঁচ হাজার টাকা দেব, রাত তিনটার দিকে পুকুরের সব মাছ ধরে দিতে।’ তাঁর কথামতো সাতজন লোক ঠিক করে প্রায় রাত তিনটার দিকে বিশাল জাল টেনে আড়াই বস্তা মাছ ধরে দিয়েছি। কিন্তু মাছ ধরার পর আমাকে দুটি ছোট মাছ দিয়ে পাঠিয়ে দিয়েছেন। মজুরির টাকা এখনো পাইনি।
জলাবাড়ি ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম চৌকিদার বিধান কুমার বলেন, রাতে মাছ ধরার খবর পেয়ে তিনি ভূমি অফিসে গিয়ে দেখেন, মাছ ভাগ-বাটোয়ারা হয়ে গেছে। পরে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করলেও তিনি ফোন ধরেননি।
এরপর সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি জানালে তিনি রাতে মাছ ধরার কোনো বিধান নেই বলে জানান।
জলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী সরোয়ার বলেন, একজন সরকারি কর্মচারী রাতের আঁধারে সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়া চুরির শামিল। শুনেছি, বদলি হওয়ার কারণেই তিনি মাছ ধরে নিয়ে গেছেন। পূর্বেও তাঁর বিরুদ্ধে এ ধরনের কাজের অভিযোগ রয়েছে। সরকারি জায়গায় কচু চাষ করে বিক্রি করার অভিযোগও রয়েছে। বিষয়টির জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তহশিলদার মো. আল আমিন বলেন, দিনে আমার অফিসের কাজ থাকে। তা ছাড়া লেবার পাওয়া যায় না। তাই ভোররাতে মাছ ধরেছি। বিশ থেকে পঁচিশ কেজি মাছ পেয়েছি।
নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহামুদ বলেন, জলাবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব পুকুরে মাছ ধরার বিষয়টি আমি শুনেছি। তবে রাতের আঁধারে মাছ ধরাটা ঠিক হয়নি। এখানে কোনো অসংগতি হয়ে থাকলে অবশ্যই বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
২৭ মিনিট আগে
রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় সৌর মিয়া ও হাসি বেগমের পরিবারে নেমেছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দের মাঝেই দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। বেকার বাবার পক্ষে তিন নবজাতকের দুধ, ডায়াপার ও চিকিৎসার খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।
৩৪ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গরুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ছাতড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় তাঁদের আটক করা হয়। চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।
৩৪ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে অনুমোদনহীন আর্থিক লেনদেনের বিরুদ্ধে হ্যান্ডবিল ও স্টিকার বিতরণ করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আইনবহির্ভূতভাবে এ ধরনের লেনদেন দণ্ডনীয় অপরাধ এবং এতে প্রতারণা ও আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে।
১ ঘণ্টা আগে