ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা বহিষ্কার

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মো. নাহিদ খান নামে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার উপজেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য জহিরুল ইসলাম মুন্সির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নাহিদ খান বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলাপাড়া উপজেলা ছাত্রদলের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাহিদ খানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।









