Ajker Patrika

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ

পটুয়াখালী প্রতিনিধি
পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত বাস ভাড়া মওকুফ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা মো. আব্দুর রহিমের সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নিয়মিত বাস ভাড়া সম্পূর্ণ মওকুফ থাকবে। আজ ১৪ জুলাই (বিকেল) থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিউট্রশন অ্যান্ড ফুড সাইন্স অনুষদের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী হাসিব হোসাইন সিয়াম বলেন, ‘ক্যাম্পাসের বাইরে যাঁরা পটুয়াখালী ও বরিশালে বাসায় থাকে, তাঁদের প্রতিদিন যাতায়াতের জন্য একটা বড় অংকের টাকা খরচ হতো। বর্তমান পরিস্থিতিতে বাস ভাড়া মওকুফের এই সিদ্ধান্ত আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি স্বস্তি। আমরা প্রশাসনের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই।’

৭ম সেমেস্টারের আরেক শিক্ষার্থী ফাবিহা বুশরা বলেন, ‘ভাড়া মওকুফ করায় অবশ্যই আমরা আনন্দিত। কিন্তু শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় প্রতিদিন সিট পাওয়া নিয়ে যুদ্ধ করতে হয়। ভাড়া মওকুফের পাশাপাশি যদি বাসের সংখ্যা ও ট্রিপ বাড়ানো যায়, তবে যাতায়াত আরও নির্বিঘ্ন হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। অনেক শিক্ষার্থীই দূর-দূরান্ত থেকে ক্যাম্পাসে আসে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যাতায়াত খরচ কমানো অত্যন্ত জরুরি ছিল, তাই এই ফ্রি যাতায়াতের সুবিধা চালু করেছি। যেহেতু আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, তাই নিয়মশৃঙ্খলার স্বার্থে কিছু শর্ত দেওয়া হয়েছে। আমরা আশা করি, শিক্ষার্থীরা নিয়ম মেনে বাসে যাতায়াত করবে এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত