Ajker Patrika

অনুমোদন না থাকায় কুয়াকাটার হোটেল ‘ইস্তানবুলের’ নির্মাণকাজ বন্ধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অনুমোদন না থাকায় কুয়াকাটার হোটেল ‘ইস্তানবুলের’ নির্মাণকাজ বন্ধ
কুয়াকাটায় ইস্তানবুল প্রকল্পের কাজ বন্ধ করেছে কুয়াকাটা পৌরসভা ও উপজেলা প্রশাসন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় আলোচিত তারকামানের হোটেল ‘ইস্তানবুলের’ নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় আজ মঙ্গলবার দুপুরে কাজ বন্ধ করে দেওয়া হয়। এ সময় নির্মাণকাজ বন্ধের নির্দেশসংবলিত একটি ব্যানারও টানিয়ে দেওয়া হয়েছে।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক এ কার্যক্রম পরিচালনা করেন।

নিষেধাজ্ঞার ব্যানারে লেখা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপনাটি নির্মাণ করায় নির্দেশক্রমে এর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদেশটি জারি করেছে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটা পৌর এলাকার মুসল্লিয়াবাদ গ্রামসংলগ্ন এলাকায় ‘ইস্তানবুল’ প্রকল্পের নির্মাণকাজ চলছে। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর তত্ত্বাবধানে প্রকল্পটির নির্মাণকাজ চলছে বলে জানা গেছে।

কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক জানান, বরিশাল বিভাগীয় কমিশনারের অনুমোদন না থাকায় নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। তিনি বলেন, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ দণ্ডনীয় অপরাধ। এ ছাড়া কুয়াকাটার মাস্টারপ্ল্যান অনুযায়ী জমিটি রেলওয়ের স্থাপনার জন্য বরাদ্দ করা হয়েছে।

পৌর প্রশাসক আরও জানান, কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার এসএ ২৯২ নম্বর খতিয়ানে প্রায় ২১ একর ৬৬ শতক জায়গাজুড়ে ইস্তানবুল প্রকল্পের কার্যক্রম চলছে। বর্তমান বিএস জরিপ অনুযায়ী, জমিটি কুয়াকাটা পৌরসভার আওতায় রয়েছে। এর মধ্যে অন্তত ছয় একর জমির উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।

এদিকে জমিটির মালিকানা দাবি করে মামলা করেছেন কলাপাড়ার হাড়িপাড়া এলাকার বাসিন্দা রাখাইন উমাচ্যান। তাঁর দাবি, জমিটির মালিক তাঁর দাদা চিথাও ও নাথোও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত