মাছের ঘেরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নুর ইসলাম কলাপাড়া পৌরশহরের মো. হজরত আলীর ছেলে। বিয়ের পর সদরপুরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম সবার অগোচরে সবজিখেতে থাকা মাছের ঘেরে পানি সেচ দিতে যান। সেচের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ডুবে যান তিনি।
রাত গভীর হলেও নুর ইসলাম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাঁর স্ত্রী সবজিখেতে গিয়ে পানি সেচের মোটর দেখতে পান। পরে স্বজনেরা পানিতে খোঁজাখুঁজির সময় নুর ইসলামের শরীর তাঁদের পায়ে লাগে।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ঘেরের পানির নিচ থেকে নুর ইসলামের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’









