
নীলফামারীর ডিমলায় পশুর হাটগুলোতে ইজারাদারেরা অতিরিক্ত হাসিল বা খাজনা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা প্রশাসনের ইজারা শর্ত ও নীতিমালার তোয়াক্কা করছেন না। উপজেলার বিভিন্ন হাটে পশু বিক্রির রসিদ দেখে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা জানা গেছে, গরু-ছাগল বিক্রিতে সরকারনির্ধারিত খাজনার চেয়ে দ্বিগুণ থেকে দ্বিগুণের বেশি আদায় করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিমলায় স্থায়ী পশুর হাট রয়েছে ৮ টি। যেগুলো উপজেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়। এসব হাটে প্রতিটি গরু ও মহিষের জন্য ৫০০ টাকা এবং প্রতিটি ছাগল ও ভেড়ার জন্য ১৫০ টাকা খাজনা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গবাদিপশুর জন্য শুধু ক্রেতারাই খাজনা দেবেন বলা আছে।
উপজেলার খোড়ারডাংগা পশুর হাটে সরেজমিনে দেখা গেছে, হাটের কোথাও খাজনা আদায়-সংক্রান্ত তালিকা টাঙানো নেই। এতে সাধারণ ক্রেতা-বিক্রেতারা সরকারনির্ধারিত খাজনার পরিমাণ জানতে পারছেন না। এদিকে প্রতিটি গরুর জন্য ৫০০ টাকা করে খাজনা আদায়ের নিয়ম থাকলেও ১ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। এর মধ্যে ক্রেতার কাছ থেকে ৭০০ টাকা এবং বিক্রেতার কাছে থেকে আদায় করা হচ্ছে ৩০০ টাকা করে। অন্যদিকে ছাগলপ্রতি ১৫০ টাকা করে খাজনা নির্ধারণ করা থাকলেও আদায় করা হচ্ছে ৪০০ টাকা।
এই হাটে গরু কিনতে এসেছিলেন কালিগঞ্জ এলাকার নাজমুল হোসেন। তিনি জানান, বিক্রেতা রশিদুলের সঙ্গে দরদাম করে ৪৮ হাজার টাকায় একটি গরু কেনেন। রসিদ নিতে গেলে ইজারাদারের প্রতিনিধি ক্রেতার কাছে ৫০০ এবং বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা খাজনা দাবি করেন। এ নিয়ে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। শেষমেশ ১ হাজার টাকা খাজনা দিয়েই হাট ছাড়তে হয় তাঁদের। নাজমুল বলেন, ‘১ হাজার নিলেও রসিদে (ছাড়পত্র) খাজনার ঘরে ৫০০ টাকা লেখা হয়। তিনি খাজনার পরিমাণ লেখার জন্য জোর করলে ‘বই (রসিদ) লেখক’ ভ্যাট বাবদ ৫০০ টাকা লিখে দেন। তাঁর মতো অনেককে ভ্যাট বাবদ ৫০০ টাকা দিতে হচ্ছে।’
হাটের ইজারাদার শহিদুল ইসলাম বলেন, ‘গরুপ্রতি ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে।’ ভ্যাট বাবদ টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে বিষয়টি যাচাই করে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।
উপজেলার আরও দুটি পশুর হাট ঘুরে একই চিত্র দেখা গেছে। অধিকাংশ হাটেই খাজনা আদায়-সংক্রান্ত নির্দেশনাবলি টাঙানো হয়নি।
উপজেলার ঝুনাগাছ চাপানি হাট সপ্তাহের প্রতি রোববার ও বুধবার বসে। গতকাল সরেজমিনে দেখা গেছে, গরুপ্রতি ১ হাজার টাকা করে খাজনা আদায় করা হচ্ছে। এর মধ্যে ক্রেতার কাছে থেকে ৭০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। আবু কালাম নামের এক ক্রেতা জানান, ৪২ হাজার ও ৬২ হাজার টাকা দিয়ে হাটে দুটি গরু কিনেছেন। এ জন্য ইজারাদারকে দিতে হয়েছে ১ হাজার ৪০০ টাকা। আর বিক্রেতা দিয়েছেন ৬০০ টাকা।
চাপানি হাটে গরু বিক্রি করতে এসেছিলেন সফিয়ার ইসলাম নামের এক ব্যক্তি। তিনি জানান, এত দিন গরু বিক্রির জন্য ক্রেতার থেকে খাজনা আদায় করা হলেও এবার বিক্রেতার থেকেও খাজনা আদায় করছেন ইজারাদারেরা।
এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার ইউনুস আলী সাংবাদিক পরিচয় জেনে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। এ বিষয়ে ইউএনও ইমরানুজ্জামান বলেন, কোরবানির হাটে পশু কেনাবেচায় অতিরিক্ত খাজনা আদায় বা ভ্যাট নেওয়ার সুযোগ নেই। পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করা হলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৩ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে