
তিস্তার ভাঙন যেন জীবনের সবচেয়ে বড় সঙ্গী ৯০ ছুঁই ছুঁই তফেল উদ্দিনের। অন্তত ১৫ বার ঘরবাড়ি হারিয়েও বারবার নতুন করে আশ্রয় গড়েছেন। কিন্তু শেষ বয়সেও আর রক্ষা হয়নি। গত শুক্রবার দুপুরে তাঁর চোখের সামনেই তিস্তা গিলে নিয়েছে শেষ সম্বল, শেষ আশ্রয়টুকু।
যেখানে কিছুক্ষণ আগেও ছিল বসতভিটা, সেখানে এখন বয়ে চলেছে ঘোলা জলের তীব্র স্রোত। ভিটার শেষ প্রান্তে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে তফেল উদ্দিন বলেন, ‘১৩ বার ভিটাবাড়ী নদী ভাঙিল, ৬০ বিঘা আবাদি জমিও তিস্তাত গ্যাল। ৮ শতক জমি কিনি ৬টা ছাওয়াক নিয়্যা সংসার তুলি এটে ছিনু, শেষ বয়সেও তিস্তা মুক্তি দিল না। এখন নদীত ঝাঁপ দিয়া মরা ছাড়া হামার উপায় নাই।’
তফেল উদ্দিনের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামে। ২০১৬ সালে তিস্তার ভাঙনে বাস্তুচ্যুত হয়ে এখানে বসতি গড়েছিল পাঁচ শতাধিক পরিবার। গত এক সপ্তাহের ভাঙনে তফেলের মতো এই গ্রামের দুই শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়েছে। শতাধিক বাড়ি ও ফসলি জমি এখন ভাঙনের ঝুঁকিতে।
সরজমিনে দেখা যায়, তিস্তার তীব্র স্রোতে নদীতীরের বিশাল অংশ প্রতিনিয়ত ধসে পড়ছে। শেষ সম্বলটুকু বাঁচাতে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন। কেউ ঘরের টিন খুলছেন, কেউ নৌকায় আসবাব ও গবাদিপশু সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। ভিটামাটি হারিয়ে অনেক পরিবার গৃহস্থালির মালপত্র নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
২০১৬ সালে ধারদেনা করে ছয় শতক জমি কিনে ভিটা বেঁধেছিলেন জামাল হোসেন। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে ছিল তাঁর সংসার। আজ সেই ভিটার আর কোনো অস্তিত্ব নেই। নদীর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে হাত তুলে জামাল হোসেন বলেন, ‘ওইটা মোর ভিটা ছিল, সব শেষ হয়া গেল! এই তিস্তাই হামার জীবনটা শেষ করি দিল। শেষ বয়সে আইসা পরিবার নিয়ে কোনটে দাঁড়ামু, তার কোনো পথ নাই!’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, তিস্তার পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি কমার কারণে নদীতীরে স্রোতের টান বেড়েছে। ফলে ভাঙন আরও তীব্র রূপ নিয়েছে।
চরাঞ্চলবাসীর দুর্যোগকালীন আশ্রয়ের সুবিধার্থে ২০২৩ সালে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কেল্লাপাড়ায় নির্মাণ করা হয়েছিল একটি ‘মুজিব কিল্লা’ (বন্যা আশ্রয়কেন্দ্র)। তবে অপরিকল্পিতভাবে নদীতীরের একেবারে কাছে এটি নির্মাণ করায় ভবনটি এখন ধসের মুখে। নদীতীর থেকে মাত্র ৮০-৯০ মিটার দূরে অবস্থান করায় যেকোনো মুহূর্তে কিল্লাটি তিস্তায় তলিয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ আক্ষেপ করে বলেন, ‘নদীর একবারে মুখের ওপর কিল্লা বানাইছে, কিন্তু বাঁধ না দিলে তো সেটা টিকবে না। এ্যালা নদী ভাঙতে ভাঙতে কিল্লার কাছে আসি গেছে। যেকোনো সমায় কিল্লাটা নদীত ধসি পড়বে।’
ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ‘নদীর ভাঙতে ভাঙতে বন্যা আশ্রয়কেন্দ্রের কাছে চলে এসেছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো মুহর্তে আশ্রয়কেন্দ্রটি বিলীন হয়ে যাবে।’
পাশে নেই স্থানীয় জনপ্রতিনিধি, ক্ষোভ দুর্ভোগের এই চরম মুহূর্তে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা পাউবোর কোনো কর্মকর্তা না আসায় নদীপারের মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, বিপদের সময় কাউকেই পাওয়া যায় না। নদী যখন সব কেড়ে নেয়, তখন নামমাত্র দু-এক বস্তা জিও ব্যাগ ফেলে পাউবো লোকদেখানো দায়িত্ব শেষ করে। ভোট এলে প্রার্থীরা দ্বারে দ্বারে ঘুরলেও এখন তাঁদের খোঁজ নিচ্ছেন না কেউ।
ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘পানি কমার সময় নদীতে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়, যার কারণে নদীতীর দ্রুত ধসে পড়ছে। ছাতুনামা কেল্লাপাড়া এলাকার ভাঙন পরিস্থিতির খবর আমরা পেয়েছি। ভাঙনরোধ এবং আশ্রয়কেন্দ্রটি রক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, তিস্তার ভাঙনে বাস্তুচ্যুত পরিবারগুলোর তালিকা তৈরি করতে স্থানীয় ইউনিয়ন পরিষদকে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
১৪ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
১৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে...
২২ মিনিট আগে
খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে..
২৩ মিনিট আগে