Ajker Patrika

তথ্য বাতায়নে বেহাল চিত্র, নীলফামারীর ৭৭ সরকারি ওয়েবসাইটের মাত্র ১৩টি হালনাগাদ

নীলফামারী প্রতিনিধি
তথ্য বাতায়নে বেহাল চিত্র, নীলফামারীর ৭৭ সরকারি ওয়েবসাইটের মাত্র ১৩টি হালনাগাদ
তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা। ছবি: সংগৃহীত

সরকারি দপ্তরের তথ্য নাগরিকের হাতের নাগালে পৌঁছে দিতে রয়েছে জেলা তথ্য বাতায়ন। কিন্তু নীলফামারীতে সেই তথ্য বাতায়নের আওতাধীন সরকারি দপ্তরগুলোর ওয়েবসাইটের হালনাগাদ চিত্র বলছে ভিন্ন কথা। জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) পর্যবেক্ষণে এসব তথ্য উঠে আসে।

টিআইবি-সনাকের পক্ষ থেকে জেলার সরকারি দপ্তরগুলোর ওয়েবপোর্টাল পর্যালোচনার ফলাফল উপস্থাপন করেন টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামান। তিনি জানান, গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর জেলা তথ্য বাতায়নের আওতাধীন ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

পর্যবেক্ষণে দেখা যায়, অনেক সরকারি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে তথ্য থাকলেও তা আংশিক। ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে নোটিশ বোর্ড, খবর, অফিসপ্রধানের তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, সেবাসমূহের তথ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিও) সংক্রান্ত তথ্য এবং যোগাযোগ—এই সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, ‘তথ্য জানা দরকার—এটাই বড় তথ্য।’ জনগণের জানার অধিকার নিশ্চিত করতে যেসব তথ্য প্রকাশযোগ্য, সেসব তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশের ওপর গুরুত্ব দেন তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘সাধারণ জনগণকে তথ্য জানাতে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের মাধ্যমেই অপতথ্য প্রতিরোধ করা সম্ভব।’

সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল নিয়মিত হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি সনাক-টিআইবির পর্যবেক্ষণে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলা প্রশাসন ও সনাক-টিআইবির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা তথ্য কর্মকর্তা তানিয়া তাজনীন মেমী, নীলফামারী প্রেস ক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান, সনাক সভাপতি মো. আকতারুল আলম, সহসভাপতি আফরোজা বিনতে আজিজ গ্লোরী, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, রত্না চৌধুরী ও ফওজিয়া ইয়াসমিন জলি এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম প্রমুখ।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত