
নীলফামারীর জলঢাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে এক সার ডিলার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে সারের কালোবাজারিতে মদদ দেওয়ার অভিযোগ তুলে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় কৃষকেরা। গতকাল শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়নের শৌলমারী বাজারে এই ঘটনা ঘটে।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জায়িদ ইমরুল মোজাক্কিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ডিলার প্রতিষ্ঠান হলো মেসার্স একরামুল ট্রেডার্স। এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অনুমোদিত একটি প্রতিষ্ঠান।
স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শৌলমারী ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে সার বিক্রি করছিল ডিলার প্রতিষ্ঠান একরামুল ট্রেডার্স। এতে প্রান্তিক কৃষকেরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনের কাছে অভিযোগ জানালে গতকাল দুপুরে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সারের দাম বেশি নেওয়ার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযান চলাকালে কৃষকেরা অভিযোগ করেন, ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. লেবু মিয়া ডিলারকে এই অনৈতিক কাজে সহায়তা করছেন। কৃষকদের অভিযোগ, কৃষি কর্মকর্তার পরোক্ষ প্রশ্রয়েই ডিলার সিন্ডিকেট করে সারের দাম বাড়িয়ে দিয়েছে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা ওই কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করে ওই কর্মকর্তাকে উদ্ধার করা হয়।
আবুল হোসেন নামে স্থানীয় এক কৃষক বলেন, ‘আমরা সারের ন্যায্য দাম পাই না। ডিলাররা সিন্ডিকেট করে টাকা বেশি নেয়। আর কৃষি অফিসার তাদের দেখেও না দেখার ভান করেন। আজ আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল।’
উপজেলা প্রশাসন জানায়, অভিযুক্ত কৃষি কর্মকর্তার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন সাংবাদিকদের বলেন, ‘কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সারের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৫ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৫ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৫ ঘণ্টা আগে