
ফেসবুকে পরিচয়ে প্রেম। একপর্যায়ে বিয়ে করতে বাংলাদেশে এলেন চীনা যুবক। ওয়্যাং সুলিন (৩০) নামের ওই যুবক ধর্মান্তরিত হয়ে বনে গেলেন মো. নুর উদ্দিন। অবশেষ নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজার (২০) সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার দুপুরে তাঁদের বিবাহোত্তর অনুষ্ঠানে কনের পরিবার ও আত্মীয় স্বজনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এ দিন চীনা যুবককে দেখতে দূর-দূরান্ত থেকে লোকজনও এসে ভিড় করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে লিজা। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নাজিম উদ্দিনের বাড়ি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা ভাটগাঁও গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
অন্যদিকে চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। তিনি এবং তাঁর ভাই মিলে চীনে রেস্তোরাঁর ব্যবসা পরিচালনা করেন।
জানা গেছে, ঘটনার শুরু মাস দুয়েক আগে। ফেসবুকে পরিচয়ের পর লিজা ও ওয়্যাং সুলিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উভয় পরিবার ইতিবাচক সাড়া দেয়। ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকা বিমানবন্দরে লিজার পরিবারের সদস্যরা তাঁকে অভ্যর্থনা জানিয়ে মোহনগঞ্জে নিয়ে যান।
পরে ২১ জুলাই ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং লিজার সঙ্গে আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। আজ আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করে আনন্দ উৎসব করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদের অনুষ্ঠান। বর্তমানে ভাড়া বাসার সামনে মঞ্চ তৈরি করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি চীনে বিদেশি কনে নিয়ে প্রতারণার বেশ কিছু খবর প্রকাশ পাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে কনের পরিবার।
লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, ‘ছেলের বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলার পর আমরা চীনা দূতাবাসে গিয়েও যাবতীয় খোঁজ-খবর নিয়েছি। সব তথ্য সঠিক পাওয়ার পর আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে জামাই চীনে গিয়ে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে লিজাকে নিয়ে যাবে।’
এ দিকে বিদেশি জামাইয়ের আগমন ঘিরে মোহনগঞ্জের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চীনা যুবককে এক নজর দেখতে এবং তাঁর সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করতে কয়েক দিন ধরেই ভিড় করছেন স্থানীয়রাসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘পত্রিকায় আন্তর্জাতিক প্রতারক চক্রের খবর দেখে প্রথমে কিছুটা চিন্তিত ছিলাম। তবে যেহেতু মেয়ের বাবা চীনা দূতাবাস ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলে শতভাগ নিশ্চিত হয়ে বিয়ে দিয়েছেন, তাই সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা নবদম্পতির সুখী জীবনের জন্য দোয়া করি। আজকে এত মানুষের উপস্থিতিতে বিয়ের দাওয়াত খেতে এসেও ভালো লাগছে।’
স্থানীয় রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এলাকাবাসী হিসেবে বিয়ের দাওয়াত খেতে আসলাম। চীনা যুবকের সঙ্গে বিয়ে, তাই এটা সবার মাঝে বাড়তি আগ্রহের বিষয়।’
স্থানীয় বাসিন্দা ও পৌরসভার সাবেক নারী কাউন্সিলর হেলেনা আক্তার বলেন, ‘ছেলেটা চীনের হওয়ায় বিয়েটা দেখার জন্য আমাদের আগ্রহটা একটু বেশি। প্রতিবেশী হিসেবে বিয়ের দাওয়াত খেতে এসে বেশ আনন্দ লাগছে। তাদের জন্য দোয়া রইল।’

সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির জুলাই পথসভায় বিএনপি, তারেক রহমান, শেখ হাসিনা ও ছাত্রদলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সভায় উবায়েদ আহমেদকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে পরিচয় করিয়ে দেওয়া হয়।
২৫ মিনিট আগে
বিজয় দত্ত বলে, ‘মা সকালে আমাদের জন্য দিনের সব খাবার রান্না করে দিয়ে অফিসে যেত। সারা দিনের পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়ি ফিরেই আবার শুরু হতো সংসারের কাজ। ৭-৮ বছর ধরে আমাদের জন্য এই হাড়ভাঙা খাটুনি করে যাচ্ছেন। মা তো কিছু সময়ের জন্য আমাদের ছেড়ে বাইরে থাকে। একেবারে তো কখনো চলে যায়নি। আজ কেন ফিরল না?
৩৫ মিনিট আগে
বাণিজ্যচুক্তিতে বাংলাদেশকে বাজারমূল্যের চেয়ে ৫০ ভাগ বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এলএনজি আমদানি করতে হবে, ১৪টি বোয়িং বিমান কিনতে হবে, রাশিয়া-চীনের সঙ্গে চুক্তি করতে হলে আমেরিকার অনুমতি নিতে হবে। এই চুক্তি বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়াল পরিণতি নিয়ে আসবে।
৩৮ মিনিট আগে
কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
৪০ মিনিট আগে