
প্রথম বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে যান সাব্বির আহমেদ সাদান (২৮) নামের এক ছাত্রদল নেতা। বিষয়টি কনের বাবাকে কল করে জানান প্রথম স্ত্রীর বাবা। এমন খবরে ক্ষিপ্ত হন কনেপক্ষের লোকজন। তাঁরা ছাত্রদল নেতাসহ বরযাত্রীদের আটকে রাখেন। পরে কয়েক দফা আলোচনার পর পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পান সাদান ও তাঁর সঙ্গে যাওয়া লোকজন। গতকাল শুক্রবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এ ঘটনা ঘটে।
জরিমানা গুনে ছাড়া পেয়ে পরদিন প্রথম স্ত্রীর বাড়িতে হামলা চালান ছাত্রদল নেতা সাদান ও তাঁর অনুসারীরা।
অভিযুক্ত সাব্বির আহমেদ সাদান মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং উপজেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান আজাদের ছেলে। তাঁদের বাড়ি উপজেলার মাঘমারা গ্রামে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, ২০২২ সালে সাব্বির আহমেদ সাদান গোপনে একই গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁরা গোপনে সংসার করে আসছিলেন। তবে প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে সম্প্রতি পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের কৃষক দলের সভাপতির কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে করতে যান। বিয়ের আয়োজনও করেন কনের বাবা।
গতকাল বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান সাদান। এ সময় প্রথম স্ত্রীর বাবা বিষয়টি জানান দ্বিতীয় বিয়ের কনের বাবাকে। বিষয়টি জানাজানি হলে কনেপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন।
একপর্যায়ে বর সাদানসহ বরযাত্রীদের আটকে রাখা হয়। পরে কয়েক দফা আলোচনার পর পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়ার মাধ্যমে বর ও তাঁর স্বজনেরা ফিরে আসেন।
অভিযোগ রয়েছে, আজ শনিবার সকালে সাব্বির আহমেদ সাদানের সমর্থকেরা প্রথম স্ত্রীর বাড়িতে হামলা চালান। এ সময় প্রথম স্ত্রীর বড় বোন আহত হন। পরে তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হামলার সময় প্রাণভয়ে ওই পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কনের বাবা ও কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি বলেন, ‘ছেলে আগে বিয়ে করেছে, বিষয়টি আমাদের জানা ছিল না। লোকজন নিয়ে আসার পর বিষয়টি জানতে পারি। সব জেনেশুনে তো আমার মেয়েকে একজন বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি না।’ তবে জরিমানা আদায়ের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
সাব্বির আহমেদ সাদানের বাবা ও মদন উপজেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান আজাদ বলেন, ‘আমার ছেলে আগে একটি বিয়ে করেছে, সেটি আমার জানা ছিল না। আগে জানলে তো আর কেন্দুয়া গিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হতো না।
মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুসার দাস বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিয়েসংক্রান্ত ঘটনায় এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শিগগিরই চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে যখন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন কক্সবাজারের মানুষ ধানের শীষে রায় দিয়েছে। চারটি আসনেই ধানের শীষ জয়যুক্ত হয়েছে।’
৮ মিনিট আগে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, আল্লাহর রহমতে আমার টাকার প্রতি কোনো লোভ হয়নি। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন, আমি আপনার পূর্ণ সমর্থনে আছি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’
৩৪ মিনিট আগে
আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনজনকে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। সেখানে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া (৪০)...
১ ঘণ্টা আগে