
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের উত্তর বাহাদুরপাড়া গ্রামে কাঁচা সড়ক পাকা করার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। গ্রামবাসীর ভাষ্য, প্রশাসনিক কাজ বা তদবিরের ব্যয়ের কথা বলে এই টাকা তোলা হয়।
জানা গেছে, আবুল কালাম আজাদ স্বপ্রণোদিতভাবে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেন। তিনি স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের আস্থাভাজন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে এলাকায় প্রচার রয়েছে।
এমন অবস্থায় সড়কটি পাকাকরণের কথা বলে কমপক্ষে ১০০ পরিবারের কাছ থেকে ৩০০ টাকা থেকে ৩ হাজার টাকা করে পর্যন্ত চাঁদা আদায় করা হয়েছে। ‘মশিন্দা বাহাদুরপাড়া নদীর উত্তরপাড় সমাজকল্যাণ সংগঠন’ এই টাকা সংগ্রহ করে। গ্রামবাসীর তথ্যমতে, এভাবে কমপক্ষে দুই লাখ টাকা তোলা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রনি, শাকিরুল ইসলাম, জিল্লুর রহমান, আব্দুস সালাম ও অলিউল্লাহ বলেন, বহু বছর ধরে সড়কটি কাদাজলে ডুবে থাকায় মানুষের দুর্ভোগ বেড়েছে। সড়কটি পাকা হবে—এই আশায় গ্রামের মানুষ চাঁদা দিতে দ্বিধা করেননি। তাঁদের ভাষ্য, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ গ্রামবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন এবং স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় দ্রুত সড়ক পাকাকরণের প্রতিশ্রুতি দেন। এরপর তিনি তদবির ও অফিস খরচের জন্য অর্থ জোগাড়ে গ্রামবাসীর কাছে আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে গ্রামের কমপক্ষে ১০০টি পরিবার প্রায় দুই লাখ টাকা তুলে ‘মশিন্দা বাহাদুরপাড়া নদীর উত্তরপাড় সমাজকল্যাণ সংগঠন’-এর নেতাদের হাতে দেয়।
সংগঠনটির ক্যাশিয়ার আরিফ হোসেন গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তোলার কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ সংশ্লিষ্ট দপ্তরে তদবির করে সড়ক পাকাকরণ প্রকল্প বাস্তবায়ন করলেও চাঁদার টাকা তাঁকে দেওয়া হয়নি। তাঁর দাবি, চাঁদার পরিমাণ ২ লাখ টাকা নয়; ৪৬ থেকে ৪৭ হাজার টাকা সংগঠনের তহবিলে গচ্ছিত আছে। এই টাকা সড়ক তদারকি ও আপ্যায়নে ব্যয় হচ্ছে। অবশিষ্ট টাকা সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে ব্যয় হবে।
অভিযোগের বিষয়ে আবুল কালাম আজাদ জানান, তিনি একটি দলের নেতা এবং ভবিষ্যতে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। জনস্বার্থে গ্রামের রাস্তা পাকাকরণের জন্য স্বেচ্ছায় তদবির করে প্রকল্পটি পাস করিয়েছেন। এ জন্য গ্রামবাসীর কাছ থেকে তিনি কোনো টাকা নেননি। তাঁর দাবি, প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
এদিকে উপজেলা প্রকৌশলী মিলন মিয়া বলেন, সড়কটি পাকাকরণসংক্রান্ত কোনো আদেশ তিনি পাননি। তবে আপ্যায়ন ও তদবিরের নামে চাঁদা আদায়ের বিষয়টি দুঃখজনক। তাঁর ভাষায়, তাঁর দপ্তরের কেউ আপ্যায়নে অভ্যস্ত নন।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ মোবাইল ফোনে জানান, এলাকার উন্নয়নের দায়িত্ব তাঁর, কোনো ব্যক্তি বা সংগঠনের নয়। উন্নয়নের নামে গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তোলার বিষয়টি দুঃখজনক। আবুল কালাম আজাদকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে তিনি বলেন, সড়কটি পাকাকরণ প্রকল্প অনুমোদিত হয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে