
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা জিআর অনুদানের অর্থ দলীয় নেতা-কর্মীদের মধ্যে বণ্টনের অভিযোগ উঠেছে সংসদ সদস্য মো. আব্দুল আজিজের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় বরাদ্দ করা অর্থের উপকারভোগীর তালিকায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিত্তবান ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য বলেছেন, যাচাই-বাছাই করেই উপকারভোগীদের তালিকা করা হয়েছে।
এদিকে তালিকায় নির্বাচনী এলাকার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম রয়েছে বলে জানা গেছে। তবে তালিকায় থাকা কয়েকজন দাবি করেছেন, তাঁরা নিজেরা এ অর্থ নেননি কিংবা তাঁদের অজান্তেই তালিকায় নাম দেওয়া হয়েছে।
নাটোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা জানান, সরকারি নীতিমালা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষই এ ধরনের সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
অনুসন্ধানে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুস সালাম ফকিরের নামও জিআর অনুদানের তালিকায় রয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের সুপারিশে বড়াইগ্রামে ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই তালিকায় আব্দুস সালাম ফকিরের নামে ২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেখানো হয়েছে।
তবে আব্দুস সালাম ফকির বলেন, তিনি ওই টাকা নেননি এবং নেবেনও না। তিনি বলেন, ‘আমি চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সচ্ছল পরিবারের সন্তান। দুস্থদের জন্য বরাদ্দ করা অনুদানের তালিকায় আমার নাম কীভাবে এসেছে, তা আমি জানি না।’
একই ধরনের দাবি করেছেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল হাসান বিপুল। তিনি বলেন, ‘আমি টাকা সংগ্রহ করিনি এবং করবও না। কারণ, আমি মনে করি এই টাকা পাওয়ার যোগ্য আমি নই।’
অন্যদিকে তালিকায় নাম থাকা কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁরা বরাদ্দের টাকা সংগ্রহ করেছেন। তবে ওই অর্থ দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ—এমনটি তাঁরা জানতেন না বলেও দাবি করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. তরাত মণ্ডল এবং গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. আরিফুল ইসলাম রবিউলসহ আরও কয়েকজন।
সরকারি নথি ও সংশ্লিষ্ট দপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে ৯৮ জন উপকারভোগীর মধ্যে জিআর অনুদানের অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশীদসহ সংশ্লিষ্টরা।
তালিকায় থাকা সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১২টি পরিবারের সদস্যদের অনুষ্ঠানে ৭ হাজার টাকা করে দেওয়া হয়। বাকি ৮৬ জনকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে অর্থ সংগ্রহ করতে হয়। অভিযোগ রয়েছে, এই ৮৬ জনের তালিকায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের নাম রয়েছে।
শুধু বড়াইগ্রাম নয়, গুরুদাসপুর উপজেলাতেও একই ধরনের অভিযোগ উঠেছে। গত ২৯ জুন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ৭০ জনের মধ্যে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, সেখানেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিত্তবান নেতা-কর্মীদের নাম অন্তর্ভুক্ত করে জিআর অনুদানের অর্থ দেওয়া হয়েছে।
গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফুল ইসলাম রবিউল বলেন, ‘আমি জানতাম না, কিসের টাকা ছিল ওই পাঁচ হাজার টাকা। আমি ভেবেছিলাম, হয়তো সংসদ সদস্য আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন। জানলে হয়তো দুস্থদের অর্থ নিতাম না।’
এ ঘটনায় প্রশ্ন উঠেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দ করা অর্থের উপকারভোগীর তালিকা কীভাবে তৈরি করা হয়েছে। তালিকা তৈরির আগে প্রকৃত উপকারভোগীদের যাচাই-বাছাই করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং বড়াইগ্রাম উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. আমিনুর রশীদ বলেন, ‘এটি সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ। উপকারভোগীদের তালিকা সংসদ সদস্যই করেছেন এবং যাচাই-বাছাইও তিনিই করেছেন।’ এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি সংসদ সদস্যের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
তবে জিআর অনুদানের সরকারি নীতিমালায় কারা এ সহায়তা পাওয়ার যোগ্য—এ বিষয়ে নাটোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা বলেন, নীতিমালা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষই এ সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
অভিযোগের বিষয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, ‘দলের মধ্যেও অনেক অসহায় নেতা-কর্মী রয়েছেন। যাচাই-বাছাই করেই উপকারভোগীদের তালিকা করা হয়েছে।’ তিনি জানান, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদেরও বড়াইগ্রামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা বরাদ্দের টাকা সংগ্রহ করবেন না, পরবর্তী সময়ে সেই অর্থ দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস।
১০ মিনিট আগে
শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদ গণ-অভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই। তাঁর বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ঘোষিত এক কোটি টাকা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
৩৩ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কার্যালয়ে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
৩৭ মিনিট আগে
শ্রমিকদের অভিযোগ, বন্দরে প্রবেশের গেট পাস দেওয়াকে কেন্দ্র করে ট্রেইলার শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দরের গেটে কর্মরত এক নিরাপত্তাকর্মীর প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে