Ajker Patrika

নরসিংদীতে বিষপানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিষপানে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে ছেলে
মারা যাওয়া নারীর স্বামী মিলন মিয়াকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে বিষপানে এক নারী ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আড়াই বছর বয়সী ছেলে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মারা যাওয়া নারীর স্বামী মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ঊর্মি (২২) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে মিম। চিকিৎসাধীন শিশুটির নাম আবির হোসেন (আড়াই বছর)। ঊর্মির স্বামী মিলন মিয়া পেশায় গাড়িচালক। তাঁরা মাধবদী থানার বসুন্ধরা এলাকার কান্দাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে ঊর্মি ও তাঁর স্বামী মিলনের মধ্যে ঝগড়া ও মনোমালিন্য হয়। একপর্যায়ে মিলন ঊর্মিকে জুতা দিয়ে মারধর করেন। এরপর ঊর্মি দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসা থেকে বের হয়ে যান।

পরে মাধবদী পৌরসভার আনন্দী এলাকায় গিয়ে ঊর্মি হারপিকজাতীয় বিষাক্ত তরল পান করেন এবং দুই সন্তানকেও তা পান করান বলে জানিয়েছে পুলিশ।

তিনজন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঊর্মিকে মৃত ঘোষণা করেন। দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে মিম ও আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আবিরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন।

মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় ঊর্মির স্বামী মিলন মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাঁকে নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত