Ajker Patrika

কনস্টেবল আনোয়ার হত্যায় সন্ত্রাসী সবুজ-শহীদ বাহিনী

• সোর্স সন্দেহে আনোয়ারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা।

• বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসসহ নানা অভিযোগ।

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
কনস্টেবল আনোয়ার হত্যায় সন্ত্রাসী সবুজ-শহীদ বাহিনী
নিহত পুলিশ সদস্য আনোয়ার মোল্লা। ফাইল ছবি

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় কনস্টেবল আনোয়ার মোল্লা নিহত হওয়ার ঘটনায় সামনে এসেছে শহীদ-সবুজ বাহিনীর নাম। সোর্স সন্দেহে তাঁকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। অপরাধপ্রবণ হাশেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের অভিযোগ থাকলেও স্থানীয়দের নীরবতা এবং সিসিটিভি নিয়ন্ত্রণের কারণে তদন্তে তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।

গত রোববার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের হাশেমবাগ এলাকায় কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোমবার অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। সেই সঙ্গে ঘটনার দিন আনোয়ারের সঙ্গে থাকা এএসআই আব্দুস ছাত্তারকে অপসারণ করা হয়েছে। পুলিশ জানায়, অপর্যাপ্ত ফোর্স নিয়ে ঝুঁকিপূর্ণ স্থানে যাওয়া এবং হামলাকালে সঙ্গীকে রেখে পালিয়ে যাওয়ার বিষয়টি দায়িত্বে অবহেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয়রা জানান, দেওভোগ হাশেমবাগ এলাকাটি অপরাধপ্রবণ। ঘনবসতি ও অলিগলির কারণে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল এটি। চলতি বছরের ৬ মে ফতুল্লা থানা-পুলিশ হাশেমবাগ থেকে পাঁচজনকে আটক করলেও তাঁদের ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

সূত্র জানায়, এসব অপরাধী চক্রের নিয়ন্ত্রক হিসেবে যার নাম উঠে আসে, তা হচ্ছে মাদকের গডফাদার হিসেবে পরিচিত শহীদ-সবুজ বাহিনী। ফতুল্লার কাশিপুর থেকে শুরু করে শহরের দেওভোগ, নিতাইগঞ্জ পর্যন্ত এ বাহিনীর নেটওয়ার্ক বিস্তৃত।

পুলিশ হত্যার ঘটনার পর থেকে হাশেমবাগ এখন নিস্তব্ধ। যেন কেউ কিছু দেখেনি, কিছুই জানে না। মূলত ভয়ে মুখ খুলতে রাজি নন কেউ।

নাম প্রকাশ না করার শর্তে দুজন প্রত্যক্ষদর্শী জানান, কনস্টেবল আনোয়ারকে হত্যা করা হয় সোর্স সন্দেহে। ঘটনার রাতে শহীদ-সবুজ বাহিনীর লোকজন ব্যাপক মারধর করে তাঁকে। এরপর বলতে শোনা গেছে, ‘পুলিশ হইলে তোর কার্ড কই? তুই তো ফরমাগিরি করতে আইছস।’

মারধরের একপর্যায়ে বুকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দিয়ে চলে যায় তারা। সেখানেই নিস্তেজ হয়ে পড়ে মারা যান আনোয়ার। আশপাশের কেউ তাঁকে ধরে হাসপাতালে নেওয়ার সাহসও দেখাননি শহীদ-সবুজ বাহিনীর কারণে, জানান ওই প্রত্যক্ষদর্শী।

এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহে বেগ পেতে হচ্ছে পুলিশকে। আশপাশের অধিকাংশ সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করে শহীদ-সবুজ বাহিনী। এর বাইরে কেউ নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসালে সেগুলো ভেঙে দেয় বাহিনীর সদস্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘শীতলক্ষ্যা ফাঁড়ির এএসআই আব্দুস ছাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। সেখানে মাদক কারবারি ও সন্ত্রাসীদের একটি দল তাঁদের চিনে ফেলে হামলা চালায়। এ সময় প্রাণ বাঁচাতে একজন পালিয়ে রক্ষা পেলেও আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।’

অভিযোগের বিষয়ে জেলা ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শহীদ-সবুজ বাহিনীর প্রধান সাব্বির হোসেন শহীদ বলেন, ‘আমার কোনো বাহিনী নেই। এগুলো সব মিথ্যা অভিযোগ। আমার প্রতিপক্ষরা এসব রটায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত