Ajker Patrika

৯ জেলায় সহিংসতা: নড়াইলে অর্ধশত বাড়িতে হামলা-আগুন

• পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ, বাড়িতে ভাঙচুর-আগুন।

• চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি-যুবদল-ছাত্রদলের মিছিলে হামলা, আহত ৫।

• ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮: ০২
৯ জেলায় সহিংসতা: নড়াইলে অর্ধশত বাড়িতে হামলা-আগুন
নড়াইলে আগুনে পুড়ছে একটি বাড়ি (বাঁয়ে)। আরেকটি ভস্মীভূত। বিএনপির দুই নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে। ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ বেশ কিছু নেতা-কর্মীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, ঠিক কত বাড়িতে আগুন নেভানো হয়েছে এবং ক্ষয়ক্ষতির হিসাব এখনো তারা করতে পারেনি। তবে ভুক্তভোগীরা তাদের কাছে দাবি করেছেন, অন্তত ৬০টি বাড়িঘরে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।

বিএনপি বলছে, হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে যেভাবে বলা হচ্ছে, তা সঠিক নয়। আর পুলিশ বলছে, নিহত দুই নেতার বিক্ষুব্ধ আত্মীয়স্বজন বেন্দারচর গ্রামে ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুর করেছে। তবে হিন্দুদের বাড়িঘরে হামলা চালানোর তথ্য সঠিক নয়।

গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে গত বুধবার কালিয়া শহরে মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে কার্যক্রম নিষিদ্ধ দলটি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন।

স্থানীয় সূত্র বলছে, ওই দুই নেতা হত্যার জের ধরে শুক্রবার নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অর্ধশতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিএনপির লোকজন এ হামলা চালায় বলে দাবি ভুক্তভোগীদের।

কালিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হুমায়ুন কবির গতকাল শনিবার বলেন, ‘শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।’

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাপ তাৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীদের দাবি, অন্তত ৬০টি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এ ব্যাপারে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বলেন, ‘কৃষক দল নেতা শাহিনুর ইসলাম ও জাসাস নেতা সোহেল রানা হত্যার পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে আমরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে সজাগ আছি।’ তিনি দাবি করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এসব করছে। আমরা এখনো শোকাহত।’

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর আমরা দেখতে পেলাম, কালিয়ায় বাড়িঘর ভাঙচুর নিয়ে কিছু গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এসব ঠিক নয়। হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি হিন্দু সম্প্রদায়সহ সবার জানমাল, ইজ্জত ও সম্মানের দায়িত্ব নিয়েছেন। এসব গুজব। নড়াইলকে আমরা নিরাপদ রাখতে চাই। নড়াইল কিন্তু গোপালগঞ্জ নয়।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, গত বুধবারের দুই হত্যার জের ধরে শুক্রবার বিকেলে ভুক্তভোগীদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে ১৫ থেকে ২০টি বাড়ি ভাঙচুর করে।

এসব বাড়ির মধ্যে কিছু ৫ আগস্টের পর ভাঙচুর করা এবং পরিত্যক্ত। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক।

তবে ওসি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে যা প্রচার হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আগে ধারণ করা ও এআই দিয়ে বানানো ভিডিওচিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ন করছে।

পাবনায় বিএনপি-আ.লীগ দফায় দফায় সংঘর্ষ ‎

‎পাবনার বেড়ায় বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষ টেঁটা, বল্লম, রামদা, হাঁসুয়াসহ নানা রকম দেশীয় অস্ত্র ব্যবহার করে। এমনকি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও একটি ভিডিওতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কয়েক দিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পাল্টাপাল্টি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল। সর্বশেষ গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃলিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতা-কর্মীরা আবারও সংঘর্ষে জড়ান। এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। সন্ধ্যা ৬টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার জানান, কয়েকটি এলাকাজুড়ে সংঘর্ষ হয়েছে। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামে বিএনপির মিছিলে হামলা, আহত ৫

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি-যুবদল-ছাত্রদলের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার পর ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায় বলে জানা গেছে। গতকাল বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মুহাম্মদ তারেক আজিজ বলেন, ঘটনার খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি-৭-এর সদস্যরা অবস্থান করছেন।

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, ফ্যানসহ আসবাব পুড়ে গেছে।

নেত্রকোনা-টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকে বোমা হামলা

নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংক ভবনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের হাতের একটি আঙুল কিছুটা পুড়ে গেছে।

এ ছাড়া টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কার্যালয়ের নিচতলার জানালা খুলে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা ব্যাংক কর্তৃপক্ষের।

খুলনায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী সাগর জুট স্পিনিং মিল আবাসিক এলাকার মোড়ে গতকাল ভোরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

বগুড়ায় ধাওয়ায় মশাল-ককটেল ফেলে পালাল দুর্বৃত্তরা

বগুড়ার নন্দীগ্রামে মশাল মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে ককটেল ও মশাল ফেলে পালিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ার মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গ্রামের ভেতরে পালিয়ে যান। তাঁরা নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করেছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পটুয়াখালীতে ১২ নেতার বাড়িতে হামলা

পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ১২ নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতি ও শুক্রবার পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, বিএনপির স্থানীয় কিছু নেতা-কর্মীর নেতৃত্বে এসব হামলা চালানো হয়েছে।

খুলনায় পৃথক ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ ছাড়া নগরীর ফুলবাড়ী গেটে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে নাশকতার সরঞ্জাম থাকার অভিযোগে এ টি এম লাইসুজ্জামান (৫০) নামের এক নেতাকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মিরাজ নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ও সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

রূপসা উপজেলায় গণপিটুনির শিকার হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় মনির মাস্টারের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত

করেছেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত