
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা কার্যালয়ে এই হেনস্তার ঘটনা ঘটে। পরে অভিযুক্ত জিয়াউর রহমানকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জিয়াউর রহমান উপজেলা যুবদলের সাবেক সদস্য। সোমবার বেলা ৩টার দিকে তিনি তাঁর স্ত্রীর জন্মনিবন্ধনের সংশোধনী করাতে উপজেলা কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তা হাসানুর রহমানের কাছে বিষয়টির সমাধান চান। এ সময় হাসানুর রহমান সার্ভার ডাউন বলে জিয়াকে জানালে তিনি তাঁর মোবাইল নম্বর দিতে বলেন। হাসানুর রহমান দিতে অস্বীকৃতি জানালে জিয়া বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই কর্মকর্তার গলা ধরে ধাক্কা দেন। পরে অফিসের লোকজন উত্তপ্ত জিয়াকে থামানোর চেষ্টা করেন।
হাসানুর রহমান বলেন, ‘জিয়াউর রহমান নামে এক যুবদল নেতা তাঁর স্ত্রীর জন্মনিবন্ধনের সংশোধনী করতে আসেন। এ সময় সার্ভার ডাউনের কথা বলি। পরে তিনি আমার মোবাইল নম্বর চান। নম্বর দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি আমার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি আমার গলা ধরে ধাক্কা দেন। পরে অফিসের লোকজন উত্তপ্ত যুবদল নেতাকে থামানোর চেষ্টা করেন। বিষয়টি কাম্য নয়; উনি এসে পরিচয় দিয়ে কথা বললে হয়তো নম্বরটি সাথে সাথে দিয়ে দিতাম। কারণ সবাইকে নম্বর দিলে তারা সময়-অসময়ে কল দিয়ে বিরক্ত করে। তাই দিতে চাইনি। এ জন্য মারধরের শিকার হব, ভাবতে পারিনি।’
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত জিয়াউর রহমানের নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি। অন্য মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর চাচা পৌর বিএনপির সদস্যসচিব নূরে আলম জিকু বলেন, ‘ফালতু বিষয় নিয়ে আমাকে কল করা আপনার উচিত হয়নি, ফোন রাখেন’—বলে তিনি কল কেটে দেন।
সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘অফিসে এসে একটি লোক দায়িত্ব পালনে বাধা দেওয়ার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে গলাধাক্কা দেন। পরে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ছাড়া হয়।’ তিনি বলেন, ‘সে কোন দল করে আমার জানা নেই। তবে জিয়াকে আটকের পর যুবদলের নেতা-কর্মীরা তাকে ছাড়াতে আসে।’
ইউএনও সানজিদা রহমান বলেন, ‘মারধর নয়, জিয়াউর রহমান অফিসের মধ্যে হাসানুর রহমানকে গালাগালির একপর্যায়ে গলাধাক্কা দিয়েছে। তখন আমি বাহিরে ছিলাম, পরে বিষয়টি অফিস থেকে আমাকে জানানো হয়েছে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৮ মিনিট আগে
প্রথমে যাত্রী সেজে ভাড়া নিতেন অটোরিকশা। পথে কৌশলে চালককে চেতনানাশক খাওয়াতেন। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন চক্রের সদস্যরা। দীর্ঘদিন ধরে চক্রটি এভাবেই সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা চালক আইয়ূব...
২৪ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
২৮ মিনিট আগে
রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী...
৩০ মিনিট আগে