বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেটসংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আনন্দ মোহন কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাকৃবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আনন্দ মোহন কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তাঁর সহযোগী নির্জন। এ সময় আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান। পরে আটক দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে থানায় সোপর্দ করা হয়।
ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। এ সময় আরও একজন পালিয়ে যায়। আটক দুজন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব জানান, ‘ঘটনার সময় আমরা ফার্স্ট গেটে ছিলাম। আমাদের কর্মীরা দুজনকে আটক করলে বিষয়টি জানতে পেরে আমিসহ শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব ঘটনাস্থলে পৌঁছাই। এরপর ওই দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে থানায় সোপর্দ করা হয়।’









